চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আলোচনায় নতুন যে নাম

চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আলোচনায় নতুন যে নাম
ছবির ক্যাপশান, চিফ প্রসিকিউট মোহাম্মদ তাজুল ইসলাম । ছবি: সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম। প্রায় দেড় বছর এ পদে রয়েছেন তিনি। তবে সম্প্রতি তাকে ওই পদ থেকে সরিয়ে নতুন কাউকে আনার আলোচনা শুরু হয়েছে। আইন অঙ্গনে ছড়িয়ে পড়া এমন গুঞ্জনে কৌতূহল ও জল্পনা দুই-ই বাড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রসিকিউটর জানিয়েছেন, নেতৃত্বে পরিবর্তন আনার বিষয়ে ভেতরে ভেতরে প্রক্রিয়া এগোচ্ছে। সম্ভাব্য নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন আইনজীবী আমিনুল ইসলাম। তিনি একসময় খালেদা জিয়া–র দুর্নীতির মামলায় গঠিত আইনজীবী দলের সদস্য ছিলেন। সেই মামলায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দণ্ডিত হয়েছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকেই প্রসিকিউশন টিমে রদবদলের আলোচনা শোনা যাচ্ছিল। তবে রোববার রাতে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান–এর একটি ফেসবুক পোস্টের পর বিষয়টি নতুন মাত্রা পায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে দীর্ঘদিন কাজ করা এই সাংবাদিক দাবি করেন, সরকার নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এবং তাজুল ইসলামের স্থলাভিষিক্ত হিসেবে আমিনুল ইসলামের নাম বিবেচনায় রয়েছে। এমনকি পরিবর্তনের সিদ্ধান্ত সংশ্লিষ্টদের জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ট্রাইব্যুনালকে নতুনভাবে সাজানো হয়। পরে একই বছরের সেপ্টেম্বরের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়।

তার নেতৃত্বে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ২–এ এসব মামলার বিচার চলছে। এর মধ্যে তিনটির রায় ঘোষণা হয়েছে। দণ্ডিত ২৬ জনের তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল–সহ পুলিশের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। রায়ের অপেক্ষায় আছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডসহ আরও দুটি মামলা। আগামী ৪ মার্চ রামপুরায় সংঘটিত একটি মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে।

এদিকে আওয়ামী লীগ সরকারের সময় গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর বিচারও একই ট্রাইব্যুনালে চলছে। এসব মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান–সহ আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন সাবেক এমপি-মন্ত্রী আসামির তালিকায় আছেন।

সাম্প্রতিক এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া স্বাভাবিক গতিতেই এগোচ্ছে। সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও আইন নিজস্ব গতিতে চলবে - এমন ইঙ্গিত পাওয়া গেছে। বিশেষ করে আইনমন্ত্রী বিচারকাজ অব্যাহত থাকার কথা উল্লেখ করেছেন বলেও জানান তিনি। তার আশা, যেকোনো পরিস্থিতিতেই বিচারপ্রক্রিয়া নিয়ম মেনেই চলবে।


সম্পর্কিত নিউজ