জামায়াত আমীরের কাছে পরাজয়, মিল্টন হলেন সিটি কর্পোরেশন প্রশাসক

জামায়াত আমীরের কাছে পরাজয়, মিল্টন হলেন সিটি কর্পোরেশন প্রশাসক

দেশের ৬ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিল সরকার। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ, গাজীপুর সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে এক প্রজ্ঞাপন জারী করেছে স্থানীয় সরকার বিভাগ। রোববার ২২শে ফেব্রুয়ারি এই আদেশ জারী করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম আর মো. শফিকুল ইসলাম খানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব দেয়া হয়েছে।  এ ছাড়াও খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. শওকত হোসেন সরকার।

শফিকুল ইসলাম খান মিল্টন ঢাকা-১৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। এই আসনে তুমুল লড়াইয়ের পর জয়লাভ করেন জামায়াত আমীর ড. শফিকুর রহমান। জামায়াত আমীর পান ৮৫১৩১ ভোট ,অপরদিকে ভোট ইন্জিনিয়ারিংয়ের অভিযোগ তোলা মিল্টন পান ৬৩৫১৭ ভোট।

শফিকুল ইসলামকে প্রশাসক হিসেবে মনোনীত করার পর তার ব্যক্তিগত কর্মকর্তা জানান, শফিকুল ইসলাম খানকে ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর দায়িত্ব প্রদান করা হয়েছে। এটি তাঁর প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। তাঁর নেতৃত্বে ঢাকা উত্তর সিটি করপোরেশন আরও গতিশীল হবে এবং নগরবাসী উন্নত ও আধুনিক সেবা পাবে ইনশাআল্লাহ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে তাদেরকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

এতে বলা হয়, নিয়োগকৃত প্রশাসকগণ সিটি করপোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


 


সম্পর্কিত নিউজ