ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর কে এই আমিনুল ইসলাম

ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর কে এই আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এডভোকেট আমিনুল ইসলামকে। সোমবার ২৩ই ফেব্রুয়ারি এই বিষয়ে প্রজ্ঞাপন জারী করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, International Crimes (Tribunals) Act, 1973 (ACT NO. XIX OF 1973 ) এর Section 7 অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ প্রদান করা হলো এবং একই সাথে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো।

আমিনুল ইসলাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বিডিআর হত্যাকাণ্ডে আসামিপক্ষের আইনজীবী হিসেবেও পরিচিত অর্জন করেন তিনি।

জুলাই আন্দোলনে সারাদেশে মানবতাবিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটর হিসেবে এডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। তার নেতৃত্বে মানবতাবিরোধী তিনটি মামলা নিষ্পত্তি করেছে প্রসিকিউশন।  নির্বাচনের আগ পর্যন্ত তাজুল ইসলামের অধীনে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। বর্তমানে এসবের বিচারকাজ চলছে ট্রাইব্যুনাল-১ ও ২-এ। রায় ঘোষণা হয়েছে তিনটির। ঘোষিত রায়ে দণ্ডিত ২৬ জনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশের প্রধানরাও রয়েছেন। রায়ের অপেক্ষায় রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাসহ দুটি মামলা। এরই মধ্যে আগামী ৪ মার্চ ঘোষণা হবে রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়।


সম্পর্কিত নিউজ