সব বাহিনীর প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক

সব বাহিনীর প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক
ছবির ক্যাপশান, নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ছবি: সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নতুন দায়িত্ব গ্রহণের পরই দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার শীর্ষ কর্মকর্তাদের এক টেবিলে বসালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তর ও বাহিনীর প্রধানদের নিয়ে তিনি শুরু করেছেন তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩৮ মিনিটে সচিবালয়ের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন মন্ত্রীর সঙ্গে এটি প্রথম মুখোমুখি বৈঠক হওয়ায় শুরুতে পরিচিতি পর্ব হলেও মূল আলোচনার কেন্দ্রে থাকছে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি।

বিশেষ করে নির্বাচন–পরবর্তী নিরাপত্তা ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও কূটনৈতিক এলাকার সুরক্ষা জোরদার, জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অগ্রগতি নিয়ে দিকনির্দেশনা আসতে পারে।

এছাড়া বাহিনীগুলোর পারস্পরিক সমন্বয় বাড়ানো, গোয়েন্দা নজরদারি শক্তিশালী করা, প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থার বিস্তার এবং কারা ব্যবস্থাপনার সাম্প্রতিক অবস্থা নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে। মাঠপর্যায়ে পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব আরোপ করা হতে পারে। বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের সম্ভাবনাও রয়েছে।

এই উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত আছেন -  বাহারুল আলম (পুলিশ মহাপরিদর্শক), শেখ সাজ্জাদ আলী (ডিএমপি কমিশনার), মো. গোলাম রসুল (অতিরিক্ত আইজিপি, এসবি), এ কে এম শহিদুর রহমান (র‌্যাব মহাপরিচালক), মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী (বিজিবি মহাপরিচালক)।

আরও আছেন -  দেলোয়ার হোসেন (ভারপ্রাপ্ত সচিব), ছিবগাত উল্লাহ (সিআইডি), আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ (আনসার ও ভিডিপি), মো. নূরুল আনোয়ার (পাসপোর্ট অধিদপ্তর), মোহাম্মদ ওসমান সরোয়ার (এনটিএমসি)।

এছাড়া উপস্থিত রয়েছেন -  মুহাম্মদ জাহেদ কামাল (ফায়ার সার্ভিস), সৈয়দ মো. মোতাহের হোসেন (কারা অধিদপ্তর), মো. জিয়াউল হক (কোস্টগার্ড), মো. হাসান মারুফ (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর) এবং আনসার উদ্দিন খান পাঠান (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা)।

নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম বৈঠক থেকেই তাই স্পষ্ট বার্তা - আইনশৃঙ্খলা ইস্যুতে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়।


সম্পর্কিত নিউজ