{{ news.section.title }}
অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয় বাংলাদেশের অবস্থান স্পষ্ট করলেন খলিলুর রহমান
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে এবং কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। একইভাবে অন্য কারও হস্তক্ষেপও প্রত্যাশা করে না সরকার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, রোববার ( ২২ ফেব্রুয়ারি) থেকে বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু হয়েছে। এসব বৈঠকে সরকারের বৈদেশিক নীতির রূপরেখা তুলে ধরা হয়েছে। তিনি বলেন, সরকারের মূল প্রতিপাদ্য ‘বাংলাদেশ ফার্স্ট’ - জাতীয় স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
তিনি আরও বলেন, দেশের পররাষ্ট্রনীতি পারস্পরিক স্বার্থ, জাতীয় মর্যাদা ও সম্মানের ভিত্তিতে পরিচালিত হবে। বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সব দেশের সঙ্গে পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চায়।
এ পর্যন্ত সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন–এর রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে বলে জানান তিনি। এসব বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশের সরকারের প্রতি আস্থা ও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে অঞ্চলভিত্তিক ও বৈশ্বিক বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে আরও গভীর ও কার্যকর সম্পর্ক স্থাপনে সরকার কাজ করবে। বর্তমানে সৌজন্যমূলক আলোচনা হলেও শিগগিরই নির্দিষ্ট ইস্যু নিয়ে বিস্তারিত সংলাপ শুরু হবে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে বাংলাদেশ একটি গতিশীল, ভারসাম্যপূর্ণ ও কার্যকর বৈদেশিক নীতি বাস্তবায়নে সক্ষম হবে।