সিটি করপোরেশনে জনগণের ভোগান্তি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সিটি করপোরেশনে জনগণের ভোগান্তি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

দেশের সিটি করপোরেশনগুলোতে নাগরিক সেবা উন্নত করা এবং জনভোগান্তি কমাতে ছয় মাসের কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নতুন নিয়োগ পাওয়া ছয়টি সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে নগর ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, সবুজায়ন ও ডেঙ্গু প্রতিরোধে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার তাগিদ দেওয়া হয়।

নির্বাচিত প্রতিনিধি না আসা পর্যন্ত সেবায় অঙ্গীকার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি আসার আগ পর্যন্ত সরকার তাঁদের জনগণের সেবা নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে। তিনি জানান, সরকারপ্রধানের প্রতিশ্রুতি বাস্তবায়নে তাঁরা নিরলসভাবে কাজ করবেন এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সচেষ্ট থাকবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী প্রত্যেক শহরকে পরিচ্ছন্ন ও সবুজ নগর হিসেবে গড়ে তুলতে চান। আসন্ন ডেঙ্গু মৌসুম সামনে রেখে আগাম পরিকল্পনা তৈরির পরামর্শও দেওয়া হয়েছে। প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি করা হবে।

মাঠে গিয়ে সমস্যা শনাক্তের অঙ্গীকার

শফিকুল ইসলাম খান বলেন, তাঁরা শুধু দপ্তরে বসে কাজ করার লোক নন। প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে সমস্যা চিহ্নিত করে জনগণকে সঙ্গে নিয়ে সমাধানে কাজ করার পরিকল্পনা রয়েছে।

‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ - ছয় মাসের লক্ষ্য

খুলনা সিটি করপোরেশনের নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী ছয় মাসের জন্য একটি নির্দিষ্ট প্যাকেজ পরিকল্পনা দিয়েছেন। এর মূল লক্ষ্য হলো নগরকে সবুজ ও পরিচ্ছন্ন করা এবং মশক নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়া। ছয় মাস পর অগ্রগতির প্রতিবেদন দিতে বলা হয়েছে, এরপর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

তিনি বলেন, শহরের মানুষকে স্বস্তি দিতে এবং নাগরিক সেবা বাড়াতে জনগণের মুখোমুখি থেকেই কাজ করা হবে।

শিল্প নগর গাজীপুরে বিশেষ পরিচ্ছন্নতা উদ্যোগ

গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার জানান, প্রধানমন্ত্রী তাঁদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ছয় মাসের মধ্যে গ্রহণযোগ্য প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কাজ করতে বলা হয়েছে। শিল্পাঞ্চল হওয়ায় গাজীপুরে ময়লা-আবর্জনা ও অব্যবস্থাপনার সমস্যা বেশি উল্লেখ করে তিনি বলেন, সড়ক, বর্জ্য ব্যবস্থাপনা ও ঝুলন্ত ইন্টারনেট তার নিয়ন্ত্রণে এনে বর্ষার আগেই শহরকে ‘গ্রিন সিটি’তে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
 


সম্পর্কিত নিউজ