আওয়ামী লীগ অফিস খোলা ও “জয় বাংলা” স্লোগানে জনমনে উদ্বেগ

আওয়ামী লীগ অফিস খোলা ও “জয় বাংলা” স্লোগানে জনমনে উদ্বেগ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

সম্প্রতি কয়েকটি স্থানে আওয়ামী লীগের অফিস খুলে দলীয় কার্যক্রম পরিচালনার চেষ্টাকে কেন্দ্র করে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এ বিষয়ে আজ (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি উদ্বেগ প্রকাশ করে সরকারের কাছে “দৃঢ় ও কার্যকর” পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাদের রাজনৈতিক বা প্রশাসনিক কোনো কার্যক্রম পরিচালনার বৈধ এখতিয়ার নেই।” তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতা আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা থেকে মুক্তি, নিরাপত্তা ও বিশেষ সুবিধা দেওয়ার কথা প্রকাশ্যে বলেছেন - এ ধরনের বক্তব্যকে ‘সুযোগ’ হিসেবে নিয়ে নিষিদ্ধ দলটি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, “শাসক দলের ‘ছাড় দেওয়ার মানসিকতা’ তাদের প্রত্যাশাকে উস্কে দিচ্ছে।” এ বিষয়ে তিনি সরকারের ‘ছাড় দেওয়ার মানসিকতা’র প্রতি গভীর উদ্বেগ জানিয়ে নিন্দা ও প্রতিবাদ জানান বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

জামায়াত নেতার অভিযোগ, দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দলীয় অফিস খোলা এবং ‘জয়বাংলা’ স্লোগান দেওয়ার মাধ্যমে ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা চলছে। এর ফলে “তীব্র ক্ষোভ” সৃষ্টি হয়েছে এবং জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, “দেশে আবারও অতীতের জুলুম-নির্যাতনের পুনরাবৃত্তির আশঙ্কা সৃষ্টি হচ্ছে,” তবে এ ক্ষেত্রে সরকার ও প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় বলে মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি সরকারের কাছে দেশবাসীর সামনে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়ে বলেন, দেশের শান্তি, আইনশৃঙ্খলা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, “পতিত ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতি ছাড়া আর কিছু নয়।” এছাড়া দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষা করা সরকারের অঙ্গীকার ও সাংবিধানিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, বিবৃতির শেষাংশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশের সর্বস্তরের জনগণকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিষয়ে “সতর্ক, সজাগ ও সচেতন” থাকার আহ্বান জানানো হয়েছে।


সম্পর্কিত নিউজ