{{ news.section.title }}
পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। তবে স্বাধীন তদন্ত কমিশনের দেওয়া সুপারিশগুলো বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে এবং বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে সরকার কাজ করে যাবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শহীদ পরিবারের সদস্যদের আশ্বস্ত করতে চাই - এই হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। তার ভাষ্য অনুযায়ী, পিলখানা হত্যাকাণ্ড ছিল সেনাবাহিনীকে দুর্বল করার একটি অপচেষ্টা। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এমন কাজ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন করা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ শহীদ পরিবারের স্বজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদরা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। পিলখানা হত্যাকাণ্ডকে তিনি বিশ্বের নৃশংসতম ঘটনাগুলোর একটি বলেও উল্লেখ করেন।
এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে কমিশন গঠন করে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে এবং সুপারিশ অনুযায়ী বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
তিনি আরও জানান, ন্যায়বিচার প্রতিষ্ঠা সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ এবং সে প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।