বিদেশে অর্থ পাচারের অভিযোগে সালমান এফ রহমানের সহযোগী গ্রেপ্তার

বিদেশে অর্থ পাচারের অভিযোগে সালমান এফ রহমানের সহযোগী গ্রেপ্তার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Muhammad Qutayba

বেক্সিমকো গ্রুপের কর্পোরেট গ্যারান্টেড সহযোগী প্রতিষ্ঠান অটাম লুপ এপারেলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেয়ারহোল্ডার ওয়াসিউর রহমান-কে অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রায় ৩৪ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. ছায়েদুর রহমানের নেতৃত্বে একটি টিম প্রযুক্তিগত সহায়তায় ঢাকার মধ্যবাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পুরো অভিযানের তত্ত্বাবধানে ছিলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন সিআইডির মিডিয়া উইংয়ের বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

সিআইডির প্রাথমিক তদন্তে জানা যায়, জনতা ব্যাংকের দিলকুশা লোকাল অফিস শাখা থেকে তিনটি এলসি/সেলস কন্ট্রাক্টের মাধ্যমে ২০২০ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত আমদানির নামে পণ্য রপ্তানি করা হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রপ্তানির চার মাসের মধ্যে রপ্তানিমূল্য ফেরত আনার বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি তা দেশে ফেরত আনেনি।

এ ঘটনায় ওয়াসিউর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪(২)/৪ ধারা অনুযায়ী মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তদন্ত করছে।

এছাড়া, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিদেশে অবৈধ সম্পদ রয়েছে কি না, সে বিষয়েও অনুসন্ধান চালাচ্ছে সিআইডি। তদন্তে উঠে এসেছে, প্রতিষ্ঠানটির রপ্তানির অর্থ ফেরত না এনে তারা পরিকল্পিতভাবে অর্থ পাচারে জড়িত হয়েছে।

এদিকে, বেক্সিমকো গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ভূমিকা নিয়েও তদন্ত চলছে। অভিযোগ রয়েছে, তিনি আত্মীয়দের নামে একাধিক প্রতিষ্ঠান খুলে অর্থ পাচারের সুযোগ তৈরি করেছেন।


সম্পর্কিত নিউজ