শেখ হাসিনার রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও রয়টার্স

শেখ হাসিনার রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও রয়টার্স
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Muhammad Qutayba

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় সোমবার সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। ট্রাইব্যুনালের ফেসবুক পেজে লাইভ সম্প্রচারের পাশাপাশি রাজধানীর একাধিক স্থানে বড় পর্দায় রায় দেখানোর প্রস্তুতি নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। রোববার ট্রাইব্যুনালের দুই শাখায় অন্য মামলাগুলোর কার্যক্রম চললেও সোমবারকে কেন্দ্র করে গৃহীত হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক প্যানেল ১৭ নভেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। প্যানেলের অন্যান্য সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী। প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানিয়েছেন, নারীর প্রতি অনুকম্পার বিধান এখানে প্রযোজ্য নয়; তাই শেখ হাসিনা নারী হওয়ায় কোনো বিশেষ ছাড় পাওয়ার সুযোগ নেই। রায়ের পর সাজা হলে পরোয়ানা ইন্টারপোলে পাঠানো হবে বলেও জানান তিনি।

এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ উত্থাপন করা হয়েছে তাদের বিরুদ্ধে, যার মধ্যে রয়েছে উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা, চানখারপুলে গণহত্যা এবং আশুলিয়ায় লাশ পোড়ানোর অভিযোগ। মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্রে মোট ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার নথি সংযুক্ত ছিল।

মামলায় সাক্ষ্য দেন মোট ৫৪ জন, যার মধ্যে প্রথম সাক্ষী খোকন চন্দ্র বর্মণ ২০২৪ সালের জুলাই–আগস্টের ঘটনাবলির বিভীষিকাময় বিবরণ দেন। গত ৮ অক্টোবর তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরা শেষ হওয়ার মাধ্যমে সাক্ষ্যগ্রহণের ধাপ সম্পন্ন হয়। পরবর্তীতে ২৩ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউশন ও স্টেট ডিফেন্স। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বিশ্বে হেভিওয়েট নেতাদের বিচার প্রক্রিয়ার উদাহরণ তুলে ধরে মামলার সমাপনী বক্তব্য প্রদান করেন।

রায়কে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিশেষ নজর রয়েছে।


সম্পর্কিত নিউজ