হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শেষ করলেন পাটওয়ারী

হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শেষ করলেন পাটওয়ারী
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছেন ঢাকা–৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ভোটের ঠিক আগমুহূর্তে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি নতুন বাংলাদেশের প্রত্যয়ে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ আদায় করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। নামাজ শেষে তিনি মসজিদ সংলগ্ন কবরস্থানে গিয়ে শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে দলের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের শুরুতে পবিত্র কুরআনের সূরা ইখলাস ও দুরুদ শরীফ পাঠ করা হয়। এরপর দেশ ও জাতির কল্যাণ, শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন যেখানে প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতির পরিবর্তে থাকবে ক্ষমা, সহনশীলতা এবং পারস্পরিক সহযোগিতা। তিনি বলেন, অতীতে যারা তাকে ও তার সহযোদ্ধাদের নানা ভাবে কষ্ট দিয়েছেন, তাদের সবাইকে তিনি ক্ষমা করে দিয়েছেন।

তিনি আরও বলেন, তারা কোনো ব্যক্তি বা রাজনৈতিক শক্তির বিরোধী নন, বরং সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সহযোগী হিসেবে দেশ গঠনে কাজ করতে চান। এ সময় তিনি আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী জাতীয়তাবাদী রাজনীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং বিভাজনমূলক রাজনীতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বিভক্ত শক্তির রাজনীতি দিয়ে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় বরং ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমেই দেশের প্রকৃত অগ্রগতি নিশ্চিত করা যায়।

নির্বাচনে জয়ী হলে ঢাকা–৮ আসনের সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সুযোগ-সুবিধা উন্নয়নে তিনি অগ্রাধিকার দেবেন। এ সময় তিনি জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক ও নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও সংক্ষেপে বক্তব্য দেন। পাশাপাশি তার সংগঠন এবং সম্ভাব্য ভবিষ্যৎ সরকারের কর্মপরিকল্পনার বিষয়ে প্রাথমিক ধারণা তুলে ধরেন।

কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি টানলেও ভোটের দিন পর্যন্ত জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন বলে জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।


সম্পর্কিত নিউজ