{{ news.section.title }}
নাহিদ ইসলামকে শুভেচ্ছা জানিয়ে , প্রধান উপদেষ্টার বার্তা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার এক অভিনন্দন বার্তায় তিনি এনসিপির নির্বাচনী অর্জনকে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, নবীন রাজনৈতিক দল হিসেবে এনসিপির সাহসী অংশগ্রহণ, দৃঢ় অবস্থান এবং আত্মবিশ্বাসী নেতৃত্ব দেশের গণতান্ত্রিক চর্চায় নতুন মাত্রা যোগ করেছে। তিনি বলেন, মাত্র এক বছর আগে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ছয়টিতে বিজয় অর্জন করেছে এবং আরও কয়েকটি আসনে শক্ত প্রতিযোগিতা গড়ে তুলেছে - এটি নিঃসন্দেহে একটি অসাধারণ অর্জন।
ড. ইউনূস বলেন, এই সাফল্য শুধু নির্বাচনী ফলাফলের পরিসংখ্যান নয়, এটি তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস, স্বপ্ন ও গণতান্ত্রিক চেতনার শক্তিশালী বহিঃপ্রকাশ। তিনি চব্বিশের আন্দোলনের দিনগুলোর কথা স্মরণ করে বলেন, নাহিদ ইসলামের নেতৃত্ব ও অদম্য মনোবল আন্দোলনকে সংগঠিত ও লক্ষ্যভিত্তিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আন্দোলনে অংশ নেওয়া তরুণদের আত্মত্যাগ জাতির মনে গভীর কৃতজ্ঞতার অনুভূতি সৃষ্টি করেছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, নাহিদ ইসলামকে উপদেষ্টা পরিষদে সহকর্মী হিসেবে পাওয়ার অভিজ্ঞতা তাঁর জন্য মূল্যবান ছিল। সেই সময় তাঁর কর্মদক্ষতা, নীতিগত দৃঢ়তা, বিষয়ভিত্তিক গভীরতা এবং প্রশাসনিক প্রক্রিয়া বোঝার আগ্রহ প্রশংসনীয় ছিল বলে মন্তব্য করেন তিনি।
গণতন্ত্রের বিকাশ প্রসঙ্গে তিনি বলেন, নতুন নেতৃত্ব ও নতুন ভাবনার মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হয়। এনসিপির এই অল্প সময়ের সাফল্য প্রমাণ করে যে জনগণ, বিশেষ করে তরুণ সমাজ, নীতিনিষ্ঠ ও আদর্শভিত্তিক রাজনীতির প্রতি আস্থা রাখতে প্রস্তুত। তবে এই আস্থা ধরে রাখা এখন দলটির বড় দায়িত্ব।
ড. ইউনূস বলেন, সংসদে প্রতিনিধিত্ব অর্জনের মাধ্যমে এনসিপি জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং তরুণদের স্বপ্ন তুলে ধরার ঐতিহাসিক সুযোগ পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নাহিদ ইসলামের নেতৃত্বে দলটি গঠনমূলক, যুক্তিনিষ্ঠ ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেবে।
বার্তার শেষাংশে তিনি বলেন, আজকের অর্জন ভবিষ্যতের আরও বড় দায়িত্বের পূর্বাভাস। সংগ্রামের পথ থেকে রাজনীতির মূলধারায় প্রবেশের এই রূপান্তর যেন আদর্শ ও মূল্যবোধকে অক্ষুণ্ণ রাখে - এটাই জাতির প্রত্যাশা। নাহিদ ইসলামের ব্যক্তিগত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন প্রধান উপদেষ্টা।