{{ news.section.title }}
রাষ্ট্রীয় কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করলেন ড. মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার কূটনৈতিক (লাল) পাসপোর্ট ফেরত দিয়েছেন। দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ আগেই তিনি এটি জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা ও সমমর্যাদার প্রায় ২০ জন ব্যক্তি তাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন।
বেশিরভাগই নির্বাচনের আগেই লাল পাসপোর্ট জমা দেন। তবে এখনো কয়েকজন উপদেষ্টা পাসপোর্ট জমা দেননি। তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
একজন সরকারি কর্মকর্তা জানান, কূটনৈতিক পাসপোর্ট সাধারণত সরকারের মেয়াদকাল অনুযায়ী ইস্যু করা হয় এবং অতিরিক্ত ছয় মাস পর্যন্ত এর মেয়াদ ধরা হয়। বিদায়ী সরকারের অধিকাংশ উপদেষ্টা ইতোমধ্যে তাদের পাসপোর্ট ফেরত দিয়েছেন। যারা এখনো জমা দেননি, তাদের তা সঙ্গে সঙ্গে দিতে হচ্ছে না; তবে নির্দিষ্ট সময় পর স্বাভাবিক নিয়মেই তা জমা দিতে হবে। কারণ মেয়াদ শেষ হলে নবায়নের প্রয়োজন হবে, আর তখন তারা আর এই সুবিধা পাবেন না।
লাল পাসপোর্ট জমাদানকারীদের মধ্যে প্রধান উপদেষ্টা ছাড়াও রয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, বাণিজ্যসহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তাদের লাল পাসপোর্ট জমা দিয়েছেন। সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব হস্তান্তরের পরপরই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দেন।
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে। দলটির নেতা তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন।