{{ news.section.title }}
ডেপুটি স্পিকার পদে পার্থসহ তিন নেতার নাম আলোচনায়
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বসছে। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। ডেপুটি স্পিকার পদকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে।
নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, ডেপুটি স্পিকার পদে আলোচনায় রয়েছেন তিনজন সংসদ-সদস্য। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম ভোলা-১ আসনের সংসদ-সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার দল বাংলাদেশ জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে বিএনপির জোটসঙ্গী। ত্রয়োদশ জাতীয় সংসদে তিনি মন্ত্রিত্ব না পাওয়ায় এবার ডেপুটি স্পিকারের দৌড়ে তাকে এগিয়ে রাখা হচ্ছে।
এছাড়া লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ-সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এবং নোয়াখালী-১ আসনের সংসদ-সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের নামও আলোচনায় রয়েছে। দলীয় সূত্রগুলো বলছে, শেষ পর্যন্ত কাকে মনোনয়ন দেওয়া হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাকে বেছে নেবেন, তা নিয়ে জল্পনা অব্যাহত আছে। তবে আলোচনায় থাকা তিন নেতাই দলীয় ও জাতীয় রাজনীতিতে গ্রহণযোগ্য এবং মন্ত্রী হওয়ার আলোচনাতেও তারা এগিয়ে ছিলেন। মন্ত্রিসভায় স্থান না পেলেও এবার ডেপুটি স্পিকার পদে তাদের কারও সুযোগ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষ করে পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী আশরাফ উদ্দিন নিজান ও আন্দালিব রহমান পার্থ মন্ত্রিসভায় না থাকায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন। নতুন এই সমীকরণে তাদের কেউ ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারেন বলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন রয়েছে।