{{ news.section.title }}
সারজিস আলমের নতুন দায়িত্ব ঘোষণা
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনকে সামনে রেখে দলটি একটি কেন্দ্রীয় ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে, যার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার–এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন–এর নির্দেশক্রমে কমিটি গঠন করা হয়েছে, যাতে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নির্বাচনী কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা যায়।
নবগঠিত কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দীন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মনজিলা ঝুমা। দলীয় সূত্র জানায়, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা এক্স-অফিসিও সদস্য হিসেবে কমিটিতে যুক্ত থাকবেন এবং কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা মাঠপর্যায়ে প্রয়োজনীয় সহায়তা দেবেন।
দলীয় বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আগাম কমিটি গঠন এনসিপির সাংগঠনিক তৎপরতার ইঙ্গিত দেয়। তৃণমূল পর্যায়ে প্রার্থী বাছাই, প্রচার কৌশল নির্ধারণ, নির্বাচন মনিটরিং ও আইনগত সহায়তা - এসব বিষয়কে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে বলে জানা গেছে।
দায়িত্ব গ্রহণের পর ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম বলেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যারা প্রার্থী হতে আগ্রহী, তারা যেন প্রস্তুতি নেন। তার ভাষায়, “আমরা আসছি আপনার খোঁজে” - যা দলীয় প্রার্থীদের প্রতি কেন্দ্রীয় বার্তা হিসেবে দেখা হচ্ছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বড় দলগুলোর পাশাপাশি নতুন ও উদীয়মান রাজনৈতিক শক্তিগুলোর সক্রিয়তা আগামী দিনে রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।