{{ news.section.title }}
১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ
গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। আগামী শনিবার (৪ এপ্রিল) বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জোটসংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং সদ্য অনুষ্ঠিত গণভোটের ফল অনুসারে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনার দাবিতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে চাপ সৃষ্টি করাই হবে এই কর্মসূচির মূল লক্ষ্য। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) গুলশানে ১১ দলীয় ঐক্যজোটের লিয়াঁজো কমিটির বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ সরকারের কড়া সমালোচনা করে বলেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়ে ফ্যাসিবাদী পথে এগোচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার সংসদ পরিচালনায় অক্ষম এবং জনগণের স্বার্থ রক্ষায় রাজপথের আন্দোলন ছাড়া আর কোনো কার্যকর পথ খোলা নেই।
একই সঙ্গে ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে সতর্কবার্তাও দেওয়া হয়েছে। তারা বলেছে, সরকার যদি দ্রুত গণভোটের রায় বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তাহলে আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) শীর্ষ নেতাদের বৈঠকে আরও কঠোর ও দীর্ঘমেয়াদি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানা গেছে।
উল্লেখ্য, গত বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারের বিভিন্ন সাম্প্রতিক ভূমিকার প্রতিবাদ জানিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেন। পরে তিনি আন্দোলনের ইঙ্গিত দেন। তারই ধারাবাহিকতায় ১১ দলীয় ঐক্যজোটের বৈঠকে এই বিক্ষোভ কর্মসূচির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।