শরীরের যেকোনো ব্যথা দূর করার দোয়া ও আমল

শরীরের যেকোনো ব্যথা দূর করার দোয়া ও আমল
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত
  • Author, জাগরণ নিউজ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

বর্তমান সময়ে মানুষের নানা রোগ-ব্যাধির মধ্যে ব্যথা-বেদনা একটি বড় সমস্যা। শরীরের বিভিন্ন স্থানের ব্যথা থেকে মুক্তি পেতে মানুষ চিকিৎসা ও নানা চেষ্টা চালিয়ে যায়। তবে হাদিসে শরীরের ব্যথা নিরাময়ের জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু নির্দিষ্ট আমল ও দোয়ার নির্দেশনা দিয়েছেন, যা সাহাবিদের মাধ্যমে বর্ণিত হয়েছে।

হজরত উসমান বিন আবুল আস আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি একবার মারাত্মক ব্যথায় আক্রান্ত হয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে উপস্থিত হন। সেই ব্যথা তাকে প্রায় অকেজো করে ফেলেছিল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন-

‘তুমি তোমার ডান হাত ব্যথার স্থানে রাখ। ৩ বার بِسْمِ اللَّهِ বিসমিল্লাহ বলো এবং ৭ বার বলো-

أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ : বিসমিল্লাহি আউজু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আঝিদু ওয়া উহাজিরু।

অর্থ : আল্লাহর নামে আমি আল্লাহর অসীম সম্মান ও তাঁর মহান ক্ষমতার মাধ্যমে আমার অনুভূত এই ব্যথার ক্ষতি থেকে আশ্রয় চাই।’ (ইবনে মাজাহ)

নিয়ম : ব্যথার স্থানে ডান হাত রেখে ৩ বার বিসমিল্লাহ বলা এবং ৭ বার উল্লিখিত দোয়া পড়তে থাকা। একই সঙ্গে ব্যথার স্থান মর্দন করা।

হজরত উসমান ইবনু আবুল আস আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু আরও বর্ণনা করেন, একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কাছে এলেন। তখন তিনি তীব্র ব্যথার কারণে অস্থির ছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ব্যথার জায়গায় ডান হাত দিয়ে ৭ বার মর্দন করো এবং বলো-

بِسْمِ اللَّهِ أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ : বিসমিল্লাহি আউজু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আঝিদু।

অর্থ : আল্লাহর নামে আমি আল্লাহ তাআলার ইজ্জত ও সম্মান এবং তাঁর কুদরাত ও শক্তির মাধ্যমে আমার এই কষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি।

বর্ণনাকারী বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনা অনুযায়ী আমি ডান হাত দিয়ে ব্যথার স্থানে মর্দন করি এবং ৭ বার এ দোয়া পড়ি। এর ফলে আল্লাহ তাআলা আমার সম্পূর্ণ ব্যথা নিরাময় করে দেন। এরপর থেকে আমি আমার পরিবারের লোকজনসহ অন্যদেরও এই নিয়মে আমল করার কথা বলে আসছি। (তিরমিজি, ইবনে মাজাহ, মুসলিম, আবু দাউদ, মুসনাদে আহমাদ)

নিয়ম : ব্যথার স্থানে ডান হাত দিয়ে মর্দন করতে থাকা এবং ৭ বার উল্লিখিত দোয়া পাঠ করা।

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, কোনো ব্যক্তি শরীরের কোনো অঙ্গে ব্যথা অনুভব করলে, অথবা শরীরের কোনো স্থানে ফোড়া বা জখম হলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যথার স্থানে আঙুল বুলাতে বুলাতে এই দোয়া পড়তেন-

بِسْمِ اللهِ تُرْبَةُ اَرْضِنَا بِرِيْقَةِ بَعْضِنَا لِيُشْفَىْ بِهِ سَقِيْمُنَا بِاِذْنِ رَبِّنَا

উচ্চারণ : বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা লি-ইউশফা সাকিমুনা বি-ইজনি রাব্বিনা।

অর্থ : আল্লাহর নামে আমাদের জমিনের মাটি ও আমাদের কারো থুথুর মাধ্যমে আমাদের রবের আদেশে আমাদের অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দান কর। (বুখারি ও মুসলিম)

নিয়ম : মাটিতে থুথু ফেলে তা নিয়ে ব্যথার স্থানে মর্দন করা এবং এ দোয়া পড়া।

এ ছাড়াও ব্যথার স্থানে দোয়া পড়ে ফুঁক দেওয়ার বর্ণনাও হাদিসে পাওয়া যায়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যথার স্থানে ঝাড়-ফুঁক করতেন এবং এই দোয়া পাঠ করতেন-

اَمْسَحْ الْبَاسَ رَبَّ النَّاسِ بِيَدِكَ الشِّفَاءُ لاَ كَاشِفَ لَهُ إِلاَّ أَنْتَ

উচ্চারণ : আমসাহল বাসা রাব্বান নাসি বিয়াদিকাশশিফাউ লা কাশিফা লাহু ইল্লা আনতা।

অর্থ : হে মানুষের প্রতিপালক, ব্যথা দূর করে দিন। আরোগ্য দানের ক্ষমতা একমাত্র আপনার হাতেই। আপনি ছাড়া এই ব্যথা দূর করার কেউ নেই। (বুখারি)

নিয়ম : ব্যথা হলে এ দোয়া পড়তে থাকা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শরীরের যেকোনো ব্যথা নিরাময়ে হাদিসে বর্ণিত আমল ও দোয়া অনুসরণ করার তাওফিক দান করুন। আমিন।


সম্পর্কিত নিউজ