মনের আশা পূরণের অন্যতম উপায় ‘ইসমে আজম’

মনের আশা পূরণের অন্যতম উপায় ‘ইসমে আজম’
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত
  • Author, জাগরণ নিউজ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

মনের একান্ত আশা পূরণে মানুষ নানা আমল করে থাকে। তবে দোয়া কবুলের ক্ষেত্রে ‘ইসমে আজম’ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। আল্লাহ তাআলার পবিত্র নাম ‘ইসমে আজম’-এর ওসিলায় দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন বলে হাদিসে স্বয়ং বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, ‘ইসমে আজম’ কোনটি।

হাদিসের বর্ণনায় ‘ইসমে আজম’

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‘ইসমে আজম’ সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিকনির্দেশনা দিয়েছেন। হজরত আবদুল্লাহ ইবনু বুরাইদাহ আল আসলামি রাদিয়াল্লাহু আনহু তাঁর বাবা থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনেন। সে দোয়াটি ছিল এ রকম।

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

উচ্চারণ
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আংতাল্লাহু লা ইলাহা ইল্লা আংতা। আল আহাদুস সামাদ। আল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ।

অর্থ
হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি এই সাক্ষ্যের মাধ্যমে যে, তুমিই আল্লাহ। তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই। তুমি একক ও স্বয়ংসম্পূর্ণ। তুমি কাউকে জন্ম দাওনি এবং তোমাকেও কেউ জন্ম দেয়নি। আর তোমার কোনো সমকক্ষ নেই।

বর্ণনাকারী বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই ব্যক্তির দোয়া শুনে বলেন, সেই মহান সত্তার শপথ, যাঁর হাতে আমার জীবন। নিশ্চয়ই এ ব্যক্তি আল্লাহ তাআলার মহান নামের ওসিলায় দোয়া করেছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে আল্লাহ কবুল করেন এবং যে নামের মাধ্যমে কিছু চাওয়া হলে তিনি তা দান করেন। তিরমিজি ও ইবনে মাজাহ।

এ হাদিসের আলোকে বহু মুহাদ্দিস মত দিয়েছেন, এটিই সেই দোয়া যা ‘ইসমে আজম’ হিসেবে পরিচিত। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি এ হাদিসকে ‘ইসমে আজম’ বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে উল্লেখ করেছেন। ফাতহুল বারি।

এ ‘ইসমে আজম’ পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দোয়া করলে তিনি অবশ্যই বান্দার কল্যাণকর চাওয়া পূরণ করেন। তাই মুমিন মুসলমানের উচিত, আন্তরিকতা ও পূর্ণ বিশ্বাস নিয়ে ‘ইসমে আজম’-এর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা। একাগ্রতা ও ভরসার সঙ্গে আল্লাহকে ডেকে মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণের আবেদন জানানো।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিজেদের জীবনের সব কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণে যথাযথভাবে ‘ইসমে আজম’-এর আমল করার তাওফিক দান করুন। আমিন।


সম্পর্কিত নিউজ