{{ news.section.title }}
নামাজে ছানা কখন পড়বেন, বাংলা উচ্চারণ ও অর্থ
- Author, জাগরণ নিউজ ডেস্ক
- Role, জাগরণ নিউজ বাংলা
-
নামাজে ছানা পড়া সুন্নত। নিয়ত বাঁধার পর নামাজের প্রথম কাজই হলো ছানা পড়া। একাকী নামাজ হোক বা জামাতে নামাজ, উভয় অবস্থাতেই ছানা পড়তে হয়।
ছানা আরবি শব্দ। এর অর্থ প্রশংসা, স্তুতি ও গুণগান। নামাজের পরিভাষায় ছানা বলতে বোঝায় একটি নির্দিষ্ট দোয়া, যা তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধার পর পড়া হয়। পুরো নামাজে একবারই এই দোয়া পড়তে হয়। একাধিকবার পড়ার কোনো নিয়ম নেই।
একাকী নামাজ হোক কিংবা জামাতে নামাজ, ইমাম ও মুক্তাদি সবাই ছানা পড়ে থাকেন। কেউ যদি মাসবুক হন, অর্থাৎ কিছু রাকাত ছুটে যাওয়ার পর নামাজে শরিক হন, তাহলে ইমামের সঙ্গে নামাজ শেষ করে বাকি রাকাত আদায়ের সময় দাঁড়িয়ে প্রথমে ছানা পড়ে নেবেন।
জামাতের নামাজে ইমাম ও মুক্তাদি সবাই ‘আল্লাহু আকবার’ বলে হাত বেঁধে অনুচ্চস্বরে ছানা পড়বেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ শুরু করে তাকবিরে তাহরিমার পর এই দোয়াটি পড়তেন।
سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالِىْ جَدُّكَ وَلَا اِلَهَ غَيْرُكَ
বাংলা উচ্চারণ-
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া লা ইলাহা গাইরুক।
বাংলা অর্থ-
হে আল্লাহ, আমি আপনার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছি। আপনার নাম অতি বরকতময়। আপনার মর্যাদা অত্যন্ত উচ্চ। আপনি ছাড়া কোনো উপাস্য নেই।
আবু দাউদ ও নাসায়ি
আলেমরা বলেন, ইমাম নামাজ শুরু করে জোরে কেরাত পড়া অবস্থায় কেউ নামাজে শরিক হলে অথবা ইমামকে রুকু অবস্থায় পেলে সে ছানা পড়বে না।
এ ক্ষেত্রে অনেকের একটি সাধারণ ভুল হলো, ইমামকে রুকুতে পেলে প্রথমে তাকবির বলে হাত বেঁধে দ্রুত ছানা পড়ে তারপর রুকুতে যাওয়া। অনেক সময় ছানা পড়তে পড়তেই ইমামের রুকু শেষ হয়ে যায় এবং সেই রাকাত ছুটে যায়। এটি সঠিক পদ্ধতি নয়।
এ অবস্থায় ছানা পড়তে হবে না এবং হাত বাঁধারও প্রয়োজন নেই। সঠিক নিয়ম হলো, দাঁড়িয়ে দুহাত তুলে তাকবিরে তাহরিমা বলে হাত ছেড়ে দেওয়া, এরপর সঙ্গে সঙ্গে তাকবির বলে রুকুতে চলে যাওয়া।
আরেকটি বড় ভুল হলো, ইমাম রুকুতে চলে যাওয়ার পর দ্রুত রাকাত ধরার পরিবর্তে আরবিতে উচ্চস্বরে বা দীর্ঘভাবে নিয়ত পড়তে থাকা। এর ফলে রাকাত ছুটে যায়। শরিয়তের দৃষ্টিতে এটি ভুল আমল।
সুতরাং নামাজে ছানা পড়ার সঠিক নিয়ম জানা এবং বিশেষ করে জামাতে নামাজে শরিক হওয়ার সময় ভুলগুলো থেকে সতর্ক থাকা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি।