জেনে নিন ঘরে প্রবেশ ও বের হওয়ার দোয়া

জেনে নিন ঘরে প্রবেশ ও বের হওয়ার দোয়া
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত
  • Author, জাগরণ নিউজ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

একজন মুমিন জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করেন। কারণ প্রকৃত কল্যাণ ও অফুরন্ত সওয়াব অর্জিত হয় সুন্নত অনুযায়ী আমলের মাধ্যমেই। নিজের কিংবা অন্যের ঘরে প্রবেশের ক্ষেত্রেও সুন্নত রয়েছে, যা কেবল একটি দোয়া নয়; বরং তা পরিবারে সুখ, শান্তি ও বরকত বৃদ্ধির মাধ্যম।

ঘরে প্রবেশের সময় যে দোয়া পড়বেন

ঘরে প্রবেশের সময় প্রথমে এই দোয়া পড়তে হয়। এরপর ঘরে কেউ থাকুক বা না থাকুক সালাম দিয়ে প্রবেশ করা সুন্নত।

দোয়া:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللَّهِ وَلَجْنَا وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا

উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাল মাউলিজি, ওয়া খাইরাল মাখরাজি; বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খারাজনা; ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।

অর্থ:
হে আল্লাহ! আমি আপনার নিকট আগমন ও প্রস্থানের কল্যাণ চাই। আপনার নামে আমি প্রবেশ করি ও বের হই এবং আমাদের রব আল্লাহর উপর ভরসা করি।

আবু মালিক আল-আশআরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘যখন কেউ নিজ ঘরে প্রবেশ করবে তখন সে যেন এই দোয়া বলে। অতঃপর সে যেন তার পরিবারের লোকদের সালাম দেয়।’ (আবু দাউদ: ৫০৯৬)

ঘর থেকে বের হওয়ার সময় যে দোয়া পড়বেন

দোয়া:
بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ

উচ্চারণ:
বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ:
আল্লাহর নামে, আল্লাহ তাআলার ওপরই নির্ভর করলাম, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারো নেই।

আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, “যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় বলে, ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’, তবে তাকে বলা হয় (আল্লাহ তাআলাই) তোমার জন্য যথেষ্ট, তুমি হেফাজত অবলম্বন করেছ (অনিষ্ট থেকে)। তাতে শয়তান তার থেকে দূরে সরে যায়।” (তিরমিজি: ৩৪২৬)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঘরে প্রবেশ ও বের হওয়ার এসব সুন্নত নিয়মিত ও যথাযথভাবে আমল করার তাওফিক দান করুন। আমিন।


সম্পর্কিত নিউজ