সুরা হাশরের শেষ তিন আয়াতের অর্থ ও ফজিলত

সুরা হাশরের শেষ তিন আয়াতের অর্থ ও ফজিলত
ছবির ক্যাপশান, সুরা হাশরের শেষ তিন আয়াত
  • Author, জাগরণ নিউজ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

পবিত্র কোরআনের ৫৯তম সুরার নাম হাশর। এটি মদিনায় অবতীর্ণ এবং এতে মোট ২৪টি আয়াত রয়েছে। সুরা হাশরে মূলত ইহুদিদের নির্বাসনের ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। কারণ তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এই সুরার বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। বিশেষত শেষ তিন আয়াতে আল্লাহ তাআলার বহু সুন্দর নাম উল্লেখ করা হয়েছে।

বনু নাজির গোত্র নবীজির সঙ্গে শান্তিচুক্তিতে আবদ্ধ ছিল। এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মহল্লায় গেলে তারা তাকে একটি ছাদের নিচে বসতে দেয়। পরে ছাদ থেকে পাথর ফেলে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে বিষয়টি জানালে নবীজী সেখান থেকে সরে যান এবং তাদের জানিয়ে দেন যে তারা চুক্তি ভঙ্গ করেছে। এরপর তাদের অন্যত্র চলে যাওয়ার জন্য দশ দিনের সময় দেওয়া হয়। এই ঘটনাই সুরা হাশরে আলোচিত হয়েছে।

সুরা হাশরের শেষ তিন আয়াত নিচে দেওয়া হলো।

هُوَ ٱللَّهُ ٱلَّذِي لاَ إِلَـٰهَ إِلاَّ هُوَ عَالِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَادَةِ هُوَ ٱلرَّحْمَـٰنُ ٱلرَّحِيمُ
هُوَ ٱللَّهُ ٱلَّذِي لاَ إِلَـٰهَ إِلاَّ هُوَ ٱلْمَلِكُ ٱلْقُدُّوسُ ٱلسَّلاَمُ ٱلْمُؤْمِنُ ٱلْمُهَيْمِنُ ٱلْعَزِيزُ ٱلْجَبَّارُ ٱلْمُتَكَبِّرُ سُبْحَانَ ٱللَّهِ عَمَّا يُشْرِكُونَ
هُوَ ٱللَّهُ ٱلْخَالِقُ ٱلْبَارِىءُ ٱلْمُصَوِّرُ لَهُ ٱلأَسْمَآءُ ٱلْحُسْنَىٰ يُسَبِّحُ لَهُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلأَرْضِ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ

এই তিন আয়াতের বাংলা উচ্চারণ হলো
হুয়াল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লা হুয়া, আলিমুল গাইবি ওয়াশ শাহাদাহ, হুয়ার রহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওয়িরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম।

এই আয়াতগুলোর অর্থ হলো
তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি অদৃশ্য ও দৃশ্যের সবকিছু জানেন। তিনি পরম করুণাময়, পরম দয়ালু। তিনিই আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনিই অধিপতি, পবিত্র, শান্তিদাতা, নিরাপত্তাদানকারী, রক্ষক, পরাক্রমশালী, প্রবল ও মহিমান্বিত। তারা যাকে শরিক করে আল্লাহ তা থেকে পবিত্র। তিনিই আল্লাহ, স্রষ্টা, উদ্ভাবক ও রূপদাতা। সব সুন্দর নাম তাঁরই। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত সম্পর্কে হজরত মাআকিল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে তিনবার আউজুবিল্লাহিস সামিইল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়ে সুরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করবে, আল্লাহ তার জন্য সত্তর হাজার ফেরেশতা নিযুক্ত করবেন, যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। ওই দিন যদি সে ব্যক্তি মারা যায়, তবে সে শহীদের মর্যাদা লাভ করবে। সন্ধ্যায় পড়লেও একই ফজিলত প্রযোজ্য।

সুরা হাশরের শেষ তিন আয়াতের গুরুত্ব অপরিসীম। কারণ এই আয়াতগুলোতে আল্লাহ তাআলার বহু গুরুত্বপূর্ণ সুন্দর নাম একত্রে উল্লেখ করা হয়েছে, যা তাঁর মহান সত্তা ও গুণাবলি সম্পর্কে গভীর উপলব্ধি দেয়।


সম্পর্কিত নিউজ