জেনে নিন মানসিক অস্থিরতা দূর করার দোয়া

জেনে নিন মানসিক অস্থিরতা দূর করার দোয়া
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত
  • Author, জাগরণ নিউজ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা মানুষের জীবনকে অসহনীয় করে তোলে। এটি ধীরে ধীরে মানুষের সময়, শক্তি ও মনোবল নষ্ট করে দেয়। তাই দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা থেকে মুক্তির জন্য আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কিছু বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন। এসব দোয়া নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার অন্তরের অস্থিরতা দূর করে দেন এবং তাকে স্বস্তি দান করেন।

এ বিষয়ে হাদিসে একাধিক দোয়ার কথা এসেছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দোয়া এখানে তুলে ধরা হলো।

আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে আবু উমামাহ নামক এক আনসারি সাহাবিকে সেখানে দেখতে পান। তিনি জিজ্ঞেস করেন, হে আবু উমামাহ, নামাজের সময় ছাড়া কেন তোমাকে মসজিদে বসে থাকতে দেখছি। তিনি উত্তরে বলেন, হে আল্লাহর রাসুল, সীমাহীন দুশ্চিন্তা ও ঋণের বোঝা আমাকে পেয়ে বসেছে।

তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না, যা তুমি পড়লে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থাও করে দেবেন। আবু উমামাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, অবশ্যই হে আল্লাহর রাসুল। তখন তিনি বললেন, তুমি সকাল ও সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে।

আবু উমামাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তা-ই করলাম। ফলে আল্লাহ তাআলা আমার দুশ্চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণ পরিশোধের ব্যবস্থাও করে দিলেন। আবু দাউদ, হাদিস ১৫৫৫।

দোয়াটি হলো-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنَ العَجزِ وَالكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الجُبنِ وَالبُخلِ، وَأَعُوذُ بِكَ مِنَ غَلَبَةِ الدَّينِ وَقَهْرِ الرِّجَالِ

বাংলা উচ্চারণ

আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, ওয়া আউজুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি, ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, ওয়া আউজুবিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল।

অর্থ

হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কৃপণতা থেকে। আর আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা এবং মানুষের দমন-পীড়ন থেকে।


সম্পর্কিত নিউজ