সুরা ফিল অর্থসহ বাংলা উচ্চারণ

সুরা ফিল অর্থসহ বাংলা উচ্চারণ
ছবির ক্যাপশান, পবিত্র কুরআন শরীফ
  • Author, জাগরণ নিউজ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

সুরা ফিল পবিত্র কোরআনের ১০৫ নম্বর সুরা। এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এতে মোট পাঁচটি আয়াত রয়েছে। মক্কি এই সুরায় ইয়েমেনের বাদশাহ আবরাহার বিশাল হস্তীবাহিনী ধ্বংসের ঘটনা সংক্ষেপে তুলে ধরা হয়েছে। সুরায় ব্যবহৃত “ফিল” শব্দের অর্থ হাতি।

কাবাঘর ধ্বংস করার উদ্দেশ্যে আবরাহা হস্তীবাহিনী নিয়ে মক্কা অভিযানে আসে। তবে আল্লাহ তাআলা নগণ্য পাখির মাধ্যমে সেই বিশাল বাহিনীকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেন এবং তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেন। সুরা ফিলের আগের সুরা হলো সুরা হুমাযাহ এবং পরবর্তী সুরা হলো সুরা কুরাইশ।

সুরা ফিল

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ (1)
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ (2)
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ (3)
تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ (4)
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ (5)

উচ্চারণ
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহা বিল ফিল।
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল।
ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল।
তারমিহিম বিহিজারাতিম মিন ছিজ্জিল।
ফাজাআলাহুম কাআসফিম মাকুল।

অর্থ
তুমি কি দেখনি, তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সঙ্গে কিরূপ আচরণ করেছিলেন। তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি। তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন। যারা তাদের ওপর পোড়া মাটির কঙ্কর নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি তাদের চিবানো তৃণ ঘাসের মতো করে দিয়েছিলেন।

সংক্ষেপে আবরাহার হস্তীবাহিনীর ঘটনা

হাবশার বাদশাহর পক্ষ থেকে ইয়েমেনের গভর্নর ছিল আবরাহা। সে সানআ নগরে একটি বিশাল গির্জা নির্মাণ করে এবং চেষ্টা চালায়, যাতে আরবরা কাবাঘর ছেড়ে সেখানে ইবাদত ও হজ পালন করে। বিষয়টি মক্কাবাসীসহ আরব গোত্রগুলোর কাছে অপছন্দনীয় ছিল। একপর্যায়ে এক ব্যক্তি আবরাহার নির্মিত উপাসনালয় অপবিত্র করে দেয়।

এই খবর পেয়ে আবরাহা কাবাঘর ধ্বংস করার সিদ্ধান্ত নেয় এবং বিশাল সৈন্যবাহিনী ও হাতিসহ মক্কার উদ্দেশে রওনা হয়। মক্কার নিকটে পৌঁছে তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদা আবদুল মুত্তালিবের উট জব্দ করে নেয়। আবদুল মুত্তালিব আবরাহার কাছে উট ফেরত চান এবং বলেন, উটগুলো আমার দায়িত্ব, আর কাবাঘর আল্লাহর ঘর। আল্লাহই তার রক্ষাকর্তা।

এরপর যখন বাহিনী মুহাসসার উপত্যকার কাছে পৌঁছে যায়, তখন আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠান। পাখিদের ঠোঁট ও পায়ে ছিল পোড়া মাটির কঙ্কর। সেই কঙ্কর যাদের গায়ে পড়েছে, তারা ধ্বংস হয়ে গেছে। অবশেষে আবরাহাসহ পুরো বাহিনী নিশ্চিহ্ন হয়ে যায়। এভাবেই আল্লাহ তাআলা তাঁর ঘর বায়তুল্লাহর হিফাজত করেন।


সম্পর্কিত নিউজ