আজ থেকে হজের ভিসা আবেদন শুরু

আজ থেকে হজের ভিসা আবেদন শুরু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের হজ মৌসুমের জন্য হজ ভিসার আবেদন প্রক্রিয়া রোববার থেকে শুরু হচ্ছে। হজ অনুবিভাগের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া জানান,

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণার ভিত্তিতে ভিসা আবেদন গ্রহণ ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২০ মার্চ পর্যন্ত চলবে।তিনি বলেন, "আগে অনেকে শেষ সময়ে এসেও ভিসার আবেদন করতে পারতেন, কিন্তু এ বছর অনেক আগে থেকেই সব সম্পন্ন করতে বলা হয়েছে।"

এর কারণ হিসেবে তিনি বলেন, হজযাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সৌদি সরকার ‘নুসুক কার্ড’ চালু করেছে।

 গত বছর দেরিতে ভিসা করায় অনেক হজযাত্রী এই কার্ড পেতে জটিলতায় পড়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই এবার সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যাতে পুরো হজ কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।চলতি বছর যারা হজে যাওয়ার ইচ্ছা পোষণ করছেন, তাদের আগামী ২০ মার্চের মধ্যে সৌদি আরবের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক মাসার’-এর মাধ্যমে ভিসার আবেদন করতে হবে।

এ সময়ের মধ্যে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সব হজযাত্রীকে দেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নিয়ে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। ধর্ম মন্ত্রণালয় সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে ভিসার আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ বছর ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রীকে হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল থেকে।


সম্পর্কিত নিউজ