জেনে নিন গোসলের ফরজ কয়টি ও কী কী

জেনে নিন গোসলের ফরজ কয়টি ও কী কী
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত
  • Author, জাগরণ নিউজ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঈমানদারকে সবসময় শারীরিক পরিচ্ছন্নতার প্রতি সচেতন থাকতে হয়। অজুর পাশাপাশি সময়, সুযোগ ও প্রয়োজন অনুযায়ী গোসল করাও আবশ্যক। অপবিত্রতা দূর করার জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোসল করার প্রতি বিশেষ তাগিদ দিয়েছেন। ইসলামে গোসলের তিনটি ফরজ ও ছয়টি সুন্নত রয়েছে। এসব ফরজ যথাযথভাবে আদায় না হলে ফরজ গোসল আদায় হয় না এবং গোসলকারী অপবিত্র অবস্থায় থেকে যায়।

গোসলের ফরজ তিনটি।

১. গড়গড়াসহ কুলি করা
গোসলের প্রথম ফরজ হলো গড়গড়াসহ কুলি করা। মুখের ভেতরে খাবারের উচ্ছিষ্ট এবং গলার ভেতরে কফ জমে থাকতে পারে। গড়গড়াসহ কুলি করলে এসব দূর হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরজ গোসলের সময় কুলি করেছেন। সহিহ বুখারি হাদিস ২৫৭ ও ২৬৫ এবং সুনানে ইবনে মাজাহ হাদিস ৫৬৬ এ এ বিষয়ে বর্ণনা রয়েছে।

২. নাকে পানি দেওয়া
গোসলের আরেকটি ফরজ হলো নাকের ভেতরে পানি দেওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও নাকে পানি দিয়েছেন। সহিহ বুখারি হাদিস ২৬৫ এবং সুনানে ইবনে মাজাহ হাদিস ৫৬৬ এ বিষয়টি উল্লেখ রয়েছে।

৩. সারা শরীরে পানি পৌঁছানো
এমনভাবে গোসল করতে হবে যেন শরীরের কোনো অংশ শুকনো না থাকে। হাদিসে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোসল করার সময় তাঁর শরীরের সব অংশ ভিজিয়ে নিতেন। সুনানে আবু দাউদ হাদিস ২১৭ এ এ বর্ণনা পাওয়া যায়।

গোসলের সুন্নত ছয়টি।

১. গোসল শুরু করার আগে বিসমিল্লাহির রাহমানির রাহিম পাঠ করা।
২. পবিত্রতা অর্জনের নিয়ত করা।
৩. দুই হাতের কবজি অজুর মতো তিনবার ধোয়া।
৪. কাপড় বা শরীরে কোথাও অপবিত্র কিছু থাকলে গোসলের আগে তা পরিষ্কার করা।
৫. গোসলের আগে অজু করা। যদি গোসলের জায়গা নিচু হয় এবং পানি জমে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে টাখনুসহ দুই পা পরে ধোয়া।
৬. ডান দিকে তিনবার, বাম দিকে তিনবার এবং মাথার ওপর তিনবার পানি ঢালা।

গোসল ফরজ হয় যে পাঁচটি কারণে

১. স্বামী-স্ত্রীর সহবাস হলে অথবা পুরুষের স্বপ্নদোষ হলে।
২. নারীদের ঋতুস্রাব বা পিরিয়ড হলে।
৩. সন্তান প্রসবের পর রক্তপাত বন্ধ হলে।
৪. মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতদের জন্য।
৫. কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করলে।

গোসল সুন্নত হয় যে চারটি কারণে

১. জুমার নামাজের আগে গোসল করা।
২. ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের আগে গোসল করা।
৩. ইহরামের জন্য গোসল করা।
৪. হাজীদের আরাফায় অবস্থানের সময় গোসল করা।

 

ডিএম/এআই


সম্পর্কিত নিউজ