বাড়ি থেকে বের হওয়া ও প্রবেশের দোয়া

বাড়ি থেকে বের হওয়া ও প্রবেশের দোয়া
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

প্রতিটি মুসলিমের জীবন আল্লাহ তাআলার নির্দেশনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক পরিচালিত হওয়া উচিত। একজন মুমিনের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ - ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘরে ফেরা পর্যন্ত - ইসলাম আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এসব কাজের শুরু ও শেষে নির্দিষ্ট দোয়া ও আমলের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয় এবং জীবনে বরকত নেমে আসে।

আমাদের প্রতিদিনের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি হলো ঘরে প্রবেশ করা এবং ঘর থেকে বের হওয়া। কারণ মানুষ যখন ঘরের বাইরে যায়, তখন সে নানান বিপদ, অনিশ্চয়তা ও অদৃশ্য ক্ষতির মুখোমুখি হতে পারে। আবার সারাদিনের ব্যস্ততা শেষে যখন আমরা ঘরে ফিরে আসি, তখন অদৃশ্যভাবে শয়তানও আমাদের সঙ্গে ঘরে প্রবেশ করার চেষ্টা করে। সে চায় আমাদের ঘরে অশান্তি, কলহ ও অকল্যাণ সৃষ্টি করতে। কিন্তু একজন সচেতন মুসলিম যদি আল্লাহর নাম স্মরণ করে, সুন্নাহ অনুযায়ী দোয়া পাঠ করে ঘরে প্রবেশ করে, তাহলে শয়তান সেই ঘরে প্রবেশের সুযোগ পায় না।

হাদিসে এসেছে, ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম নিলে শয়তান হতাশ হয়ে যায় এবং বলে - আজ এই ঘরে আমাদের জন্য থাকার বা খাবারের কোনো সুযোগ নেই। এর মাধ্যমে স্পষ্ট বোঝা যায়, ঘরে প্রবেশের দোয়া শুধু একটি মুখস্থ আমল নয়; বরং এটি আমাদের ঘরকে শয়তানের প্রভাব থেকে রক্ষা করার একটি শক্তিশালী মাধ্যম। এমন ঘরে আল্লাহ তাআলা শান্তি ও বরকত নাযিল করেন এবং পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক ভালোবাসা বজায় রাখেন।

আসুন আজ আমরা ঘর থেকে বের হওয়া এবং ঘরে প্রবেশের দোয়া নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। এখানে দোয়ার আরবি পাঠ, বাংলা উচ্চারণ, অর্থের পাশাপাশি ঘরে প্রবেশের সঠিক সুন্নাহ পদ্ধতিও তুলে ধরা হবে, যাতে আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবনে এই গুরুত্বপূর্ণ সুন্নাহগুলো সহজে আমল করতে পারি এবং আল্লাহর রহমত ও হেফাজতের অন্তর্ভুক্ত হতে পারি।


ঘর থেকে বের হওয়ার আগে

বাসা বা ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়লে আল্লাহ তাআলা বিপদ-আপদ থেকে রক্ষা করেন, সঠিক পথ দেখান এবং শয়তান থেকে হেফাজত করেন। একজন মুমিন যখন আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হয়, তখন তার প্রতিটি পদক্ষেপ আল্লাহর তত্ত্বাবধানে থাকে। এটি নিত্যদিনের অন্যতম গুরুত্বপূর্ণ মাসনুন আমল।


ঘর থেকে বের হওয়ার দোয়া আরবিঃ

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ


উচ্চারণঃ বিসমিল্লাহি তাওয়াক্কালতু 'আলাল্লাহি, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থঃ  আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি, আল্লাহর উপর ভরসা করছি, আর আল্লাহর তওফীক ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎকাজ করার (নড়া-সার) শক্তি কারো নেই।

এই দোয়া পড়ে ঘর থেকে কোথাও বের হলে পাঠকারীর জন্য আল্লাহ যথেষ্ট হন, তাকে পথ নির্দেশ করা হয়, সকল প্রকার বিপদ থেকে রক্ষা করা হয় এবং শয়তান তার নিকট থেকে দুরে সরে যায়। (অঃ দাঃ ৪/৩২৫, তিঃ ৫/৪৯০)

 

আরেকটি মাসনুন দোয়া


আরবিঃ

اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ ، أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আ'উযুবিকা আন আদিল্লা আও উদাল্লা, আও আযিল্লা আও উযাল্লা, আও আযলিমা আও উজলামা, আও আজহালা আও ইউজহালা 'আলাইয়্যা।

অর্থঃ হে আল্লাহ! আমি আপনার আশ্রয় চাই যে, আমি যেন পথভ্রষ্ট না হই বা কেউ আমাকে পথভ্রষ্ট করে দেয়, অথবা আমি যেন নিজে পদস্খলিত হই বা কেউ আমাকে পদস্খলিত করে দেয়, অথবা আমি যেন অত্যাচার করি বা কেউ আমার ওপর অত্যাচার করে, অথবা আমি যেন অজ্ঞতা করি বা কেউ আমার সাথে অজ্ঞতামূলক আচরণ করে।


আকাশের দিকে দৃষ্টিপাত করে এই দোয়া পড়তে হয়,

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ ، أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আউ উযাল্লা আউ আযিল্লা আউ উযাল্লা, আউ আযলিমা আউ উযলামা আউ আজহালা আউ য়ুজহালা আলাইয়্যা।*

অর্থঃ হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আমি স্পষ্ট হই বা আমাকে ভষ্ট করা হয়, আমার পদস্থলন হয় বা পদস্থলন করানো হয়, আমি অত্যাচারী হই অথবা অত্যাচারিত হই অথবা আমি মূর্খামি করি অথবা আমার প্রতি মুখামি করা হয় -এসব থেকে। (সহীহ তিরমিযী ৩১৫২)।


ঘর থেকে বের হওয়ার আগে আয়াতুল কুরসি কেন পরে বের হবেন -

বাসা বা ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করার বিশেষ ফজিলত রয়েছে। আয়াতুল কুরসি (সূরা বাকারাহ-২৫৫) পড়ে ঘর থেকে বের হলে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, যিনি সারাদিন বা সারারাত সেই ব্যক্তিকে শয়তান, বালা-মুসিবত ও অনিষ্ট থেকে রক্ষা করেন। আয়াতুল কুরসি পাঠ করে বাসা থেকে বের হলে, আল্লাহ তা'আলা ৭০,০০০ ফেরেশ্তা নিযুক্ত করে দেন, যারা দোয়া পাঠ করা সেই ব্যক্তিকে সারাদিন চারদিক থেকে পাহারা দেন এবং সব ধরণের বিপদ-আপদ, অশুভ নজর ও শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করেন।

 

ঘরে প্রবেশের আগে

ঘরে প্রবেশের সময় সেখানে অবস্থানকারীদের সালাম দেওয়া আবশ্যক। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত আদব। মহান আল্লাহ বলেন, ‘অতঃপর যখন তোমরা ঘরে প্রবেশ করো, তখন (ঘরে অবস্থানকারী) তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে। এটি আল্লাহর কাছ থেকে কল্যাণময় ও পবিত্র দোয়া। এমনিভাবে আল্লাহ তোমাদের জন্যে আয়াতগুলো বিশদভাবে বর্ণনা করেন, যাতে তোমরা বুঝে নাও।’(সুরা নুর: ৬১)


ঘরে প্রবেশের সময় যে দোয়া পড়বেন

নিজের বা অন্যের ঘরে প্রবেশের আগে সালাম দিয়ে এবং ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নাহ। ঘরে প্রবেশের সময় ‘বিসমিল্লাহ’ বলা এবং সালাম দেওয়া (যদি কেউ না-ও থাকে, তবুও) ওই ঘরে বরকত বৃদ্ধি করে এবং শয়তান থেকে নিরাপত্তা নিশ্চিত করে।প্রবেশের আগে অনুমতি নিয়ে এবং সালাম দিয়ে ঘরে প্রবেশ করলে আল্লাহর জিম্মায় থাকে। ঘরে প্রবেশের আগে যে দোয়াটি পড়বেন -


আরবিঃ

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللَّهِ وَلَجْنَا وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا


উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাল মাউলিজি, ওয়া খাইরাল মাখরাজি; বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খারাজনা; ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।


অর্থঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আগমন ও প্রস্থানের কল্যাণ চাই। আপনার নামে আমি প্রবেশ করি ও বের হই এবং আমাদের রব আল্লাহর উপর ভরসা করি।


আবু মালিক আল-আশআরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘যখন কেউ নিজ ঘরে প্রবেশ করবে তখন সে যেন এই দোয়া বলে। অতঃপর সে যেন তার পরিবারের লোকদের সালাম দেয়। (আবু দাউদ: ৫০৯৬)। 

 

ঘর থেকে বের হওয়া ও ঘরে প্রবেশ - এই সাধারণ কাজগুলোই একজন মুমিনের জীবনে অনেক বড় প্রভাব ফেলে। আল্লাহর নাম স্মরণ করে, সুন্নাহ অনুযায়ী দোয়া পাঠ করে এসব কাজ সম্পন্ন করলে দুনিয়ার অদৃশ্য বিপদ থেকে যেমন নিরাপত্তা পাওয়া যায়, তেমনি আখিরাতের জন্যও সাওয়াব অর্জিত হয়। তাই আমাদের উচিত, এই সহজ অথচ গুরুত্বপূর্ণ আমলগুলো নিয়মিত জীবনের অংশ করে নেওয়া, যেন আমাদের ঘর হয় রহমতের আবাস এবং আমাদের জীবন হয় আল্লাহর হেফাজতে পরিচালিত।
 


সম্পর্কিত নিউজ