{{ news.section.title }}
অমুসলিম মালিকের দেওয়া ঈদের বোনাস বা উপহার কি জায়েজ? ইসলাম যা বলে
জীবিকার তাগিদে আমরা অনেকেই বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের অধীনে কাজ করে থাকি। উৎসবের মৌসুমে যখন কোনো অমুসলিম মালিক তার মুসলিম কর্মচারীকে ঈদের বোনাস বা বিশেষ উপহার দেন, তখন এটি গ্রহণ করা ইসলামসম্মত হবে কি না সে ব্যাপারে অনেকের মনেই দ্বিধা জেগে উঠে।
ইসলামী বিধান অনুযায়ী, বিধর্মী বা অমুসলিমদের পক্ষ থেকে হাদিয়া (উপহার) গ্রহণ করা বৈধ। হাদীস ও ইতিহাসের বিভিন্ন বর্ণনায় এর প্রমাণ পাওয়া যায়। সহীহ বুখারীর (হা/২৬১৫) বর্ণনা অনুযায়ী, হযরত ইবরাহীম (আ.) তাঁর স্ত্রী সারাকে নিয়ে হিজরতকালে এক জনপদে উপস্থিত হলে সেখানকার প্রতাপশালী শাসক সারাকে উপহারস্বরূপ হাজেরা কে প্রদান করেছিলেন।
তাছাড়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কেও বিষ মেশানো বকরীর মাংস হাদিয়া দেওয়া হয়েছিল, যা তিনি গ্রহণ করেছিলেন।
এছাড়া আয়িলার শাসক তাকে একটি সাদা খচ্চর উপহার দিলে তিনি প্রতিদানে তাকে একটি চাদর দিয়েছিলেন।
এই সকল নজিরের ভিত্তিতে আলেমদের অভিমত হলো, কোনো হিন্দু বা অমুসলিম মালিক যদি খুশিমনে ঈদের বোনাস দেন, তবে তা গ্রহণ করা যাবে। এমনকি প্রয়োজনবোধে বোনাস বা উপহার চাওয়াও যেতে পারে।
সতর্কতা:
অমুসলিম মালিকের থেকে উপহার গ্রহণ করা গেলেও, বিপরীত ক্ষেত্রে একটি সীমাবদ্ধতা রয়েছে। যদি কোনো মুসলিম ব্যক্তি হিন্দু বা অন্য কোনো ধর্মাবলম্বী ব্যক্তির মালিক হন, তবে তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে, যেমন: পূজা বা বড়দিন উৎসবের অংশ হিসেবে বিশেষ কিছু দেওয়া বৈধ নয়।
তাই অমুসলিম মালিকের থেকে ঈদের উপহার বা বোনাস গ্রহণ করা যে শুধু বৈধ তা নয়, এটি পারস্পরিক সামাজিক সুসম্পর্ক বজায় রাখতেও সহায়ক।