{{ news.section.title }}
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা আমিরাতের
আসন্ন পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে সরকারি ছুটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। রোববার (৫ এপ্রিল) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আমিরাতের মন্ত্রিসভার বরাতে বলা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয় এবং এর আগের দিন হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, যখন হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন।
এই হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে এবং তার পরদিন ২৭ মে (বুধবার) পালিত হতে পারে ঈদুল আজহা।
সম্ভাব্য এই তারিখ ধরে দেশটির মন্ত্রিসভা ছুটির অনুমোদন দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি শনি ও রোববার হওয়ায় ৩০ ও ৩১ মে এমনিতেই ছুটি থাকবে। এর সঙ্গে হজের দিন ২৬ মে এবং ঈদ উপলক্ষে ২৭ থেকে ২৯ মে পর্যন্ত সরকারি ছুটি যুক্ত হয়েছে।
সব মিলিয়ে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত টানা ছয় দিনের ছুটি উপভোগ করবেন দেশটির বাসিন্দারা।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামিক ক্যালেন্ডার চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় চূড়ান্ত তারিখ পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।