{{ news.section.title }}
ডি কক-রিকেলটনের দাপটে আফগানিস্তানের সামনে ১৮৮ রানের চ্যালেঞ্জ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
আইসিসি মেনস টি২০ বিশ্বকাপ ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে আধিপত্য দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে প্রোটিয়ারা, ফলে আফগানদের জিততে হলে করতে হবে ১৮৮ রান।
ম্যাচের শুরুতে টস জিতে বোলিং বেছে নেন আফগান অধিনায়ক রশিদ খান। সকালের উইকেটে কিছুটা গতি থাকায় শুরুতে সুবিধা পায় আফগান বোলাররা। প্রথম কয়েক ওভারে রান তোলা ছিল কঠিন। সেই সুযোগে ফাজলহক ফারুকি ধীরগতির বলে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক আইডেন মার্করামকে আউট করে দলকে প্রাথমিক সাফল্য এনে দেন।
তবে শুরুতে ধাক্কা খেলেও দ্রুত ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটন ক্রিজে এসে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। তাদের জুটিতে ম্যাচের গতিপথ বদলে যায়। মাত্র ৬১ বলেই এই দুই ব্যাটসম্যান গড়ে তোলেন ১১৬ রানের শক্ত জুটি।
ডি কক ছিলেন স্থির ও নিয়ন্ত্রিত। ৪১ বলে ৫৯ রান করেন তিনি। অন্যদিকে রিকেলটন ছিলেন একেবারেই আগ্রাসী মেজাজে। ২৮ বলের ইনিংসে ৬১ রান তুলে তিনি আফগান বোলারদের ওপর চাপ বাড়ান। তার ব্যাট থেকে আসে একাধিক বাউন্ডারি ও ছক্কা।
মাঝের ওভারে রশিদ খান পরপর দুই উইকেট তুলে নিয়ে কিছুটা স্বস্তি ফেরান আফগান শিবিরে। ডি কক ও রিকেলটন দুজনই দ্রুত ফিরলেও শেষের দিকে ডিওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলারের কার্যকর ব্যাটিংয়ে বড় সংগ্রহ নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার।
ব্রেভিস ২৩ রান করেন, আর ডেভিড মিলার ২০ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে জমা পড়ে ১৮৭ রান, যা এই মাঠে লড়াইয়ের জন্য যথেষ্ট বলে মনে করা হচ্ছে।
দক্ষিণ আফ্রিকা দল:
আইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), রায়ান রিকেলটন, ডিওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, জর্জ লিন্ডে, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি
আফগানিস্তান দল:
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, গুলবাদিন নাইব, দারবিশ রাসুলি, মোহাম্মদ নবী, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, নূর আহমদ, ফাজলহক ফারুকি