{{ news.section.title }}
ইসলাম ধর্ম গ্রহণকারী কে এই ব্রাজিলিয়ান ফুটবলার?
পুরো বিশ্বের কাছে শান্তির ধর্ম হিসেবে পরিচিত ইসলাম ধর্ম। এই শান্তিকেই এবার বেছে নিলেন ব্রাজিলিয়ান ফুটবলার ক্যাথলিন সৌজা। ইসলাম ধর্ম গ্রহণকারী ব্রাজিলিয়ান তারকা ফুটবলার সৌজা বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের নারী দলের অধিনায়ক।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি ক্লাব আল নাসর আনুষ্ঠানিকভাবে বিষয়টি সংবাদমাধ্যমকে জানায়। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তাদের ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ও দলটির বর্তমান অধিনায়ক সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ইসলাম গ্রহণের পর ক্যাথলিন মক্কার মসজিদুল হারামে যান। সেখানে তিনি ওমরাহ পালন করেন। নতুন ধর্মের আধ্যাত্মিক অনুভূতি তিনি গ্রহণ করেন।
ক্লাব তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে। সেখানে বলা হয়, ‘আমাদের খেলোয়াড় ক্যাথলিন সুজার জীবনের একটি বিশেষ মুহূর্ত আমরা সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আল্লাহ তার জন্য দৃঢ়তা দান করুন এবং তার হৃদয় শান্তি ও প্রশান্তিতে ভরে দিন।’
ভিডিওতে আবেগাপ্লুত দেখা যায় ক্যাথলিনকে। চোখের পানি সামলে তিনি বলেন, ‘আমি শুধু সঠিক পথ খুঁজছিলাম এবং নিজের একটি ভালো রূপ দেখতে চেয়েছিলাম।’
আল নাসর দলের এই সেন্টারব্যাক ক্যারিয়ারের শুরুতে ফুটসাল খেললেও পরবর্তীতে ফুটবলে নৈপুণ্য দেখানো শুরু করেন। যুক্তরাষ্ট্রে পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলেন সৌজা। একসময় ব্রাজিল জাতীয় দলে খেলার সুযোগ পান। এরপর ২০২৪ সালে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন। যোগ দেওয়ার কিছুদিন পরই পান দলটির অধিনায়কের দায়িত্ব।
সৌজা ২০১৮ সালে ফুটবলে অভিষেকের পরের বছরই খেলেন বিশ্বকাপ। এছাড়াও এফসি জিরনদিনস দে বোর্দো, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদেও খেলেছেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার।