{{ news.section.title }}
আইসিসি’র ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের সোবহানা
জানুয়ারি মাসের আইসিসির সেরা নারী ক্রিকেটার হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সোবহানা মোস্তারি। তিনি দ্বিতীয় বাংলাদেশি নারী খেলোয়াড় হিসেবে ‘প্লেয়ার অব দ্য মান্থ’ খেতাব অর্জন করলেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারীদের বিভাগের এই ঘোষণা করে আইসিসি।
আইসিসি নারী টি–টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। কোয়ালিফায়ারের ম্যাচগুলোতে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশ দলের সোবহানা মোস্তারি। তার দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাকে ২০২৬ এর জানুয়ারি মাসের সেরা নারী খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে।
মাস সেরা খেলোয়ারের দৌড়ে আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও আমেরিকান বাঁহাতি পেসার টারা নরিসকে পেছনে ফেলেছে সোবহানা।
গ্লোবাল কোয়ালিফায়ারে ছয় ম্যাচে সোবহানা গড়ে ৪৫.৮০৮ ও ১৪৫.৮৪৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন। বাংলাদেশের অপরাজিত জয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে ৩৯ রানে জিতে আসন্ন ইংল্যান্ডে অনুষ্ঠেয় জুন-জুলাইয়ের টি-টুয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করে। উক্ত ম্যাচে সোবহানা নিজের সেরা ৫৯ রান করে ম্যাচসেরা হন। এরপর তিনি স্কটল্যান্ডের বিপক্ষে ৪৭ রানের ইনিংস খেলেন।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ দলের নাহিদা আক্তার প্রথম নারী ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেয়েছিলেন। পাকিস্তানের সাথে ২-১ ব্যবধানে জয়ী হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওই সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন বাঁহাতি স্পিনার নাহিদা। তিন ম্যাচে ১৪.১৪ গড়ে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।
গতকাল শুক্রবার, পুরুষ ক্রিকেটারদেরও মাস সেরা খেলোয়াড় ঘোষণা করেছে আইসিসি। জানুয়ারি মাসের সেরা প্লেয়ার হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ড্যারল মিচেল। মিচেল ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজে টানা দুটি সেঞ্চুরি করেন এবং সিরিজ জেতেন।
০-১ এ এগিয়ে থাকা ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মিচেল ১৩১ রান করেন। পরের ওয়ানেডতে করেন ১৩৭ রান। ১৭৬ গড়ে ৩৫২ রান করে সিরিজের সেরার পুরস্কার জেতেন মিচেল। তার এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারি মাস থেকে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ বা মাসসেরা খেলোয়াড় পুরস্কার চালু করে। আন্তর্জাতিক ক্রিকেটের সকল ফরম্যাটে (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি দিতে এই উদ্যোগ নেওয়া হয়।
মাস সেরা খেলোয়াড় নির্ধারণ করতে আইসিসি প্রতি মাসের ১ তারিখ থেকে মাসের শেষ দিন পর্যন্ত খেলোয়াড়দের টোটাল পারফরম্যান্স (রান, উইকেট, ম্যাচ জেতানোতে ভূমিকা) বিশ্লেষণ করে প্রতি ক্যাটাগরিতে (পুরুষ ও নারী) ৩ জন সেরা খেলোয়াড়কে মনোনীত করে।
খেলোয়াড়দের এই তালিকাটি পরবর্তী মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হয়। তারপর আইসিসির নিবন্ধিত ভক্তদের ভোট এবং আইসিসির একটি বিশেষ প্যানেলের ভোটের সমন্বয়ে বিজয়ী খেলোয়াড়দের নির্বাচন করা হয়। ভোটে আইসিসি প্যানেলের শেয়ার তথা গুরুত্ব থাকে ৯০% এবং ভোটারদের ১০%।
২০২১ এর জানুয়ারি মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ ছিলেন, পুরুষ ক্রিকেটার ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত। নারী ক্রিকেটার হিসেবে স্বীকৃতি পান দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল।
বাংলাদেশে সর্বপ্রথম প্লেয়ার অব দ্য মান্থ হন মুশফিকুর রহিম। ২০২১ সালের মে মাসে তিনি এই গৌরব অর্জন করেন।