আমি একজন সৌদি মানুষ, সৌদিই এখন আমার দ্বিতীয় বাড়ি: রোনালদো

আমি একজন সৌদি মানুষ, সৌদিই এখন আমার দ্বিতীয় বাড়ি: রোনালদো
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Muhammad Qutayba

গ্লোবাল ট্যুরিজম ফোরামে অংশ নিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে হাজির হয়েছিলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। সেখানে এক আবেগঘন ভাষণে তিনি সৌদি আরবের প্রতি নিজের গভীর ভালোবাসা ও সম্পর্কের কথা প্রকাশ করেন।

রোনালদো বলেন, “সৌদি আরবই এখন আমার দ্বিতীয় বাড়ি। সৌদিতে আমার অভিজ্ঞতা জীবনের এক অদ্বিতীয় ও অনুপ্রেরণাদায়ক অধ্যায়।” আরও বলেন, “আমি সবসময় সৌদিদের বলি, আমি তোমাদেরই একজন, আমি একজন সৌদি মানুষ।” এসময় তার এই বক্তব্যে উপস্থিত শ্রোতারা করতালিতে ফেটে পড়েন।

উল্লেখ্য ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসর ক্লাবে যোগ দেওয়ার পর থেকে রোনালদো শুধু সৌদি ফুটবলের চেহারাই বদলে দেননি, বরং দেশটির ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছেন। তিনি বলেন, “এখানকার ফুটবল দ্রুত এগোচ্ছে, প্রতি মৌসুমে মান বাড়ছে, আর আমি এই যাত্রার অংশ হতে পেরে গর্বিত।”

রোনালদোর আগমন সৌদি প্রো লিগে এনে দেয় এক যুগান্তকারী পরিবর্তন। তার পথ অনুসরণ করে করিম বেনজেমা, রিয়াদ মাহরেজ, মার্সেলো ব্রোজোভিচ ও সাদিও মানের মতো বিশ্বমানের তারকারাও সৌদিতে পা রাখেন।

রোনালদো জানান, তিনি সৌদি আরবের বড় বড় উন্নয়ন প্রকল্পের প্রতি আস্থা রাখেন এবং জীবনের বাকি সময় এখানেই কাটাতে চান। তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ ও সন্তানরাও এখন সৌদি সংস্কৃতির সঙ্গে পুরোপুরি মানিয়ে নিয়েছেন। বড় ছেলে ক্রিস্তিয়ানো জুনিয়র আল নাসরের একাডেমিতে যোগ দিয়ে সম্প্রতি পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেয়েছেন।

সৌদির জাতীয় উৎসবগুলোতেও অংশ নিচ্ছেন রোনালদো। এমনকি গোল করার পর সৌদি ঐতিহ্যবাহী নাচ ‘আরদা’ ও ‘আগাল’ দিয়ে উদযাপন করতে দেখা যায় তাকে। আল ফাইহার বিপক্ষে তার বিখ্যাত ‘আগাল সেলিব্রেশন’ সৌদি সমর্থকদের হৃদয় জয় করে নেয়।

সম্পর্কিত নিউজ