{{ news.section.title }}
হ্যামস্ট্রিং চোটে পাঁচ সপ্তাহের জন্য ছিটকে রাফিনিয়া, বড় ধাক্কায় বার্সেলোনা
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল বার্সেলোনা। ব্রাজিলের হয়ে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রাফিনিয়া। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।
ম্যাসাচুসেটসের গিলেট স্টেডিয়ামে ফ্রান্সের কাছে ২-১ গোলে হারের ম্যাচে প্রথমার্ধের পর আর মাঠে নামতে পারেননি রাফিনিয়া। পরে পরীক্ষায় তার ডান উরুর পেছনের পেশিতে চোট ধরা পড়ে। চিকিৎসার জন্য তিনি বার্সেলোনায় ফিরছেন। এই চোটের কারণে ব্রাজিলের হয়ে আগামী ক্রোয়েশিয়া ম্যাচেও তাকে পাওয়া যাবে না।
এই চোটের সবচেয়ে বড় প্রভাব পড়ছে বার্সেলোনার সামনে থাকা কঠিন সূচিতে। আগামী ৪ এপ্রিল লা লিগায় আতলেতিকো মাদ্রিদের মাঠে খেলবে কাতালান ক্লাবটি। এরপর ৮ এপ্রিল ঘরের মাঠে এবং ১৪ এপ্রিল মাদ্রিদে হবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগ। ফলে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টায় রাফিনিয়াকে ছাড়াই মাঠে নামতে হবে দলটিকে।
চলতি মৌসুমে আক্রমণভাগে বার্সেলোনার অন্যতম ভরসা ছিলেন রাফিনিয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ইতোমধ্যে ১৯ গোল করেছেন। বর্তমানে লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে আছে বার্সেলোনা। তাই শিরোপা লড়াই এবং ইউরোপের মঞ্চ, দুই জায়গাতেই এই অনুপস্থিতি কোচ হান্সি ফ্লিকের জন্য বড় পরীক্ষাই হয়ে উঠছে।
চোটের সময়সীমা ঠিক থাকলে মে মাসের আগে রাফিনিয়ার মাঠে ফেরা কঠিন। ফলে আতলেতিকোর বিপক্ষে ইউরোপসেরা প্রতিযোগিতার দুই লেগে তাকে না পাওয়ার বিষয়টি এখন প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে।