ক্রোম ব্রাউজারে নতুন ফিচার যুক্ত করল গুগল, বাড়ছে ব্যবহারকারীর কাজের গতি ও সুবিধা

ক্রোম ব্রাউজারে নতুন ফিচার যুক্ত করল গুগল, বাড়ছে ব্যবহারকারীর কাজের গতি ও সুবিধা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Md Ibrahim Sakib

বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েব ব্রাউজার Google Chrome-এ একাধিক নতুন সুবিধা সংযোজন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান Google। সর্বশেষ আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য স্প্লিট ভিউ সুবিধা, পিডিএফ ফাইলে সরাসরি মন্তব্য বা দাগ টানার অপশন এবং পিডিএফ ফাইল সরাসরি গুগল ড্রাইভে সংরক্ষণের মতো কার্যকর ফিচার চালু করা হয়েছে। দীর্ঘদিন ধরে পরীক্ষামূলক সংস্করণ ও বিভিন্ন ফাঁস হওয়া তথ্যে এসব সুবিধার ইঙ্গিত পাওয়া গেলেও এবার আনুষ্ঠানিকভাবে সেগুলো ব্যবহারযোগ্য করা হয়েছে। ব্যবহারকারিরা এখন থেকে এই সকল সুবিধা ভোগ করতে পারবেন ।

গুগলের তথ্য অনুযায়ী, ক্রোম ব্রাউজারের নতুন সংস্করণে যুক্ত হওয়া এসব সুবিধা ধাপে ধাপে বিশ্বব্যাপী সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে। এর ফলে ব্রাউজিং অভিজ্ঞতা আরও গতিশীল ও কাজবান্ধব হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

নতুন আপডেটের অন্যতম আকর্ষণ হলো ‘স্প্লিট ভিউ’ সুবিধা। এত দিন একই ব্রাউজার উইন্ডোর মধ্যে পাশাপাশি দুটি ওয়েবপেজ দেখার সুবিধা Microsoft Edge, Opera, Vivaldi কিংবা Arc Browser-এর মতো ব্রাউজারে থাকলেও ক্রোম ব্যবহারকারীদের আলাদা উইন্ডো খুলতে হতো অথবা তৃতীয় পক্ষের এক্সটেনশনের ওপর নির্ভর করতে হতো। এখন কোনো ট্যাবের ওপর মাউসের ডান বোতাম ক্লিক করে ‘Split View’ নির্বাচন করলেই একই উইন্ডোর ভেতরে দুটি ট্যাব পাশাপাশি দেখা যাবে। এতে তথ্য তুলনা, অনলাইন গবেষণা কিংবা একাধিক কাজ একসঙ্গে পরিচালনা করা অনেক সহজ হবে।

এ ছাড়া পিডিএফ ব্যবহারের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে। আগে ক্রোমে পিডিএফ দেখা গেলেও তাতে মন্তব্য লেখা বা গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করতে ফাইল ডাউনলোড করা বাধ্যতামূলক ছিল। নতুন সংস্করণে ব্রাউজারেই পিডিএফ খুললে টুলবারে থাকা স্ক্রিবল আইকনে ক্লিক করে সরাসরি পেন বা হাইলাইটার ব্যবহার করা যাবে। বিভিন্ন রং নির্বাচন, স্ট্রোকের পুরুত্ব নিয়ন্ত্রণ এবং ভুল সংশোধনের জন্য ইরেজার সুবিধাও যুক্ত করা হয়েছে।

আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো পিডিএফ ফাইল সরাসরি Google Drive-এ সংরক্ষণের সুযোগ। আগে কোনো ফাইল ডাউনলোড করে পরে আলাদাভাবে ড্রাইভে আপলোড করতে হতো, যা সময়সাপেক্ষ ছিল। নতুন ব্যবস্থায় ডাউনলোড অপশনের পাশেই থাকা বিশেষ বিকল্প ব্যবহার করে ফাইল সরাসরি ক্লাউড স্টোরেজে রাখা যাবে।

বিশ্লেষকদের মতে, এই আপডেটের মাধ্যমে ক্রোম ব্রাউজার শুধু ওয়েব ব্রাউজিংয়ের মাধ্যম নয়, বরং দৈনন্দিন কাজ, গবেষণা ও ডকুমেন্ট ব্যবস্থাপনার একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম হিসেবে আরও শক্ত অবস্থান তৈরি করতে যাচ্ছে। এতে ব্যবহারকারীদের সময় সাশ্রয়ের পাশাপাশি অনলাইন কাজের দক্ষতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।


সম্পর্কিত নিউজ