{{ news.section.title }}
নারীর প্রস্রাবের ইনফেকশন হলে করণীয়
- Author, জাগরণ নিউজ ডেস্ক
- Role, জাগরণ নিউজ বাংলা
-
নারীদের পরিচিত রোগব্যাধির মধ্যে ইউটিআই বা প্রস্রাবে জীবাণু সংক্রমণ একটি সাধারণ সমস্যা। অনেক নারীর ক্ষেত্রে এই সংক্রমণ বারবার হওয়ার প্রবণতা দেখা যায়। বছরে তিনবার বা তার বেশি বার প্রস্রাবে জীবাণু সংক্রমণ হলে সেটিকে রিকারেন্ট ইউটিআই বলা হয়। এ সংক্রমণ একই জীবাণু কিংবা নতুন কোনো জীবাণুর মাধ্যমেও হতে পারে।
যাদের বারবার ইউটিআই হয়, তাদের ক্ষেত্রে মূত্রতন্ত্রের গঠনগত কোনো সমস্যা রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা প্রয়োজন। পাশাপাশি মূত্রতন্ত্রের কোথাও পাথর আছে কি না, সেটিও জানা জরুরি। মেনোপজ বা স্থায়ীভাবে ঋতু বন্ধ হয়ে গেলে অ্যাস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায়, যার ফলে যোনিপথ ও মূত্রতন্ত্রের স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। এ সময় অনেকের পানি পানের পরিমাণও কমে যায়। এছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে মেনোপজ-পরবর্তী নারীদের বারবার ইউটিআই হওয়ার ঝুঁকি আরও বেড়ে যায়। দীর্ঘদিন কোনো অসুখের জন্য স্টেরয়েডজাতীয় ওষুধ সেবন করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে প্রস্রাবে জীবাণু সংক্রমণের আশঙ্কা বাড়তে পারে।
প্রস্রাবে জীবাণু সংক্রমণ হলে ঘন ঘন প্রস্রাবের বেগ অনুভূত হয়, তাড়না তৈরি হয়, মূত্রনালিতে জ্বালাপোড়া, তলপেটে অস্বস্তি থেকে শুরু করে তীব্র ব্যথাও হতে পারে। অনেক সময় প্রস্রাব ঘোলা হয়ে যায় কিংবা প্রস্রাবের সঙ্গে রক্ত যেতে পারে। সময়মতো চিকিৎসা না নিলে সংক্রমণ মূত্রতন্ত্রের ওপরের অংশে ছড়িয়ে পড়তে পারে। সে ক্ষেত্রে রোগীর কাঁপুনি দিয়ে জ্বর এবং কোমরে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে।
ইউটিআই বা প্রস্রাবে জীবাণু সংক্রমণের উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করা জরুরি।
বারবার প্রস্রাবে জীবাণু সংক্রমণ রোধে কিছু বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। প্রস্রাবের বেগ চেপে না রেখে সঙ্গে সঙ্গে প্রস্রাব করে ফেলতে হবে। প্রস্রাবের পর টয়লেট পেপার দিয়ে আলতো করে চেপে মুছতে হবে, কখনও ঘষা উচিত নয় এবং পায়খানার রাস্তা থেকে প্রস্রাবের রাস্তার দিকে কখনও মুছবেন না। প্রতিদিন পরিমিত পরিমাণে পানি পান করা জরুরি। কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলতে হবে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তারা বেশি করে পানি পান করার পাশাপাশি আঁশযুক্ত খাবার যেমন শাকসবজি, সালাদ, ফল এবং ইসবগুলের ভুসি খাদ্যতালিকায় রাখবেন।
যৌনমিলনের আগে পানি পান করা উচিত এবং যৌনমিলনের আগে ও পরে প্রস্রাব করে পরিষ্কার হয়ে নেওয়া দরকার। যাদের মেনোপজ হয়ে গেছে এবং বারবার ইউটিআই হচ্ছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যোনিপথ ও মূত্রনালির মুখে অ্যাস্ট্রোজেন ক্রিম ব্যবহার করতে হতে পারে। রিকারেন্ট ইউটিআইয়ের ক্ষেত্রে অনেক সময় স্বল্পমাত্রায় দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবনের প্রয়োজন হতে পারে।
লেখক : স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ