জেনে নিন দ্রুত মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায়

জেনে নিন দ্রুত মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায়
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত
  • Author, জাগরণ নিউজ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

মাথা ব্যথায় ভোগেননি এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। তীব্র মাথা ব্যথা হলে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয় এবং পরিস্থিতি হয়ে ওঠে যন্ত্রণাদায়ক। তবে চিকিৎসকদের মতে, মাথা ব্যথা নিজে কোনো রোগ নয়, এটি একটি উপসর্গমাত্র। সাধারণত ঘুমের রুটিনে পরিবর্তন, কম ঘুম হওয়া, সময়মতো খাবার না খাওয়া, পর্যাপ্ত পানি না পান করা, দুশ্চিন্তা কিংবা মানসিক চাপের কারণে মাথা ব্যথা দেখা দিতে পারে।

মাথা ব্যথা হলে কিছু ঘরোয়া পদ্ধতি মেনে চললে দ্রুত উপশম পাওয়া সম্ভব।

হাইড্রেট থাকুন
ডিহাইড্রেশন বা শরীরে পানিশূন্যতা মাথা ব্যথার একটি সাধারণ কারণ। তাই সারাদিনে পর্যাপ্ত পানি পান করা জরুরি। মাথা ব্যথা শুরু হলে এক বা দুই গ্লাস ঠান্ডা পানি পান করলে অনেক সময় দ্রুত আরাম পাওয়া যায়।

বিশ্রাম নিন
মাথা ব্যথা অনুভব করলে শান্ত ও অন্ধকার একটি ঘরে চোখ বন্ধ করে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। এতে মস্তিষ্কের ওপর চাপ কমে এবং অল্প সময়ের মধ্যেই ব্যথা উপশম হতে পারে।

কোল্ড কম্প্রেস ব্যবহার করুন
কপাল বা মাথার সামনের অংশে কোল্ড কম্প্রেস নেওয়া যেতে পারে। ঠান্ডা পানিতে ভেজানো কাপড় বা ঠান্ডাজাতীয় কিছু মাথায় চেপে রাখলে রক্তনালির সংকোচন হয় এবং মাথা ব্যথা কমাতে সাহায্য করে।

হিট থেরাপি নিন
উষ্ণ কম্প্রেসও মাথা ব্যথা কমাতে কার্যকর হতে পারে। পরিষ্কার কাপড় গরম পানিতে ভিজিয়ে নিংড়ে চোখের ওপর কিছুক্ষণ ধরে রাখুন। বিশেষ করে মানসিক চাপ বা টেনশনের কারণে মাথা ব্যথা হলে হালকা গরম পানিতে গোসল করলেও ভালো ফল পাওয়া যায়।

আদা চা পান করুন
আদা একটি প্রদাহনাশক মসলাজাতীয় উপাদান। মাথা ব্যথার সময় আদা চিবানো বা আদা চা পান করলে মাথা ব্যথাসহ শরীরের অন্যান্য ব্যথাও উপশম হতে পারে।

অ্যারোমাথেরাপির সহায়তা নিন
ল্যাভেন্ডার, পেপারমিন্ট কিংবা ইউক্যালিপটাস তেলের মতো প্রাকৃতিক সুগন্ধি তেল মাথা ব্যথা কমাতে সহায়ক। এসব তেলের সুবাস আশপাশের বাতাসে ছড়িয়ে দিলে কিংবা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করলে আরাম পাওয়া যায়।

চিকিৎসকদের মতে, মাথা ব্যথা যদি খুব বেশি তীব্র হয়, দীর্ঘ সময় ধরে চলতে থাকে কিংবা অন্য কোনো উপসর্গের সঙ্গে একসঙ্গে দেখা দেয়, তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসাই এ ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ সমাধান।

লেখক-
ব্যবস্থাপনা পরিচালক
আল-রাজী হাসপাতাল


সম্পর্কিত নিউজ