চট্টগ্রাম বন্দর সংস্কার হচ্ছে, কাউকে দেওয়া হচ্ছে না: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

চট্টগ্রাম বন্দর সংস্কার হচ্ছে, কাউকে দেওয়া হচ্ছে না: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

চট্টগ্রাম বন্দরকে সংস্কার করার পরিকল্পনা চলছে, তবে এটিকে কোনো বিদেশি পক্ষের হাতে তুলে দেওয়া হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রবিবার (২৫ মে) দুপুরে রাজধানীর ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত 'সিএমজেএফ টক' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, "আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না। আমরা চাই বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে যেন ম্যানেজ করতে পারে। টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন, ম্যানেজ করেন।" তিনি জানান, ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে তিন বিলিয়ন ডলার বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে।

প্রেস সচিব জোর দিয়ে বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা দ্রুত বাড়ানো গেলে তা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি উল্লেখ করেন, বর্তমানে বিশ্বজুড়ে চলা ট্রেড প্রোটেকশনিজমের (বাণিজ্য সংরক্ষণবাদ) মধ্যে বাংলাদেশ একটি সুবিধাজনক অবস্থানে আছে এবং এই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত অর্থনৈতিক সুফল পাওয়া সম্ভব।

শফিকুল আলম আরও বলেন, বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার জন্য প্রধান উপদেষ্টা চেষ্টা করছেন। এর মূল শর্তই হলো বন্দরের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করা। তিনি স্বীকার করেন, বাংলাদেশের বন্দরের সেই মাত্রার দক্ষতা বা ম্যানেজমেন্ট স্কিল এখনও তৈরি হয়নি, যার জন্য বিদেশে বড় বড় কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। তাদের ব্যবস্থাপনায় বন্দরের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

তিনি সাবেক সরকারের নেওয়া অর্থনৈতিক অঞ্চলগুলোর উদাহরণ টেনে বলেন, "শেখ হাসিনার সময় ১০০টা ইকোনমিক জোন করা হয়েছিল। সে জোনগুলো পড়ে আছে, সেখানে মহিষের বাগান হয়ে গেছে। কেউ আসছে না তো। ইনভেস্টররা না আসার মূল কারণ হচ্ছে, আমাদের বন্দরের সক্ষমতা নাই। আমাদের এখান থেকে দ্রুত একটা জিনিস বানিয়ে নেওয়ার মতো সক্ষমতা নেই।"
সিএমজেএফ টক অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সভাপতি গোলাম সামদানী এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবু আলী।

সম্পর্কিত নিউজ