সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদলকর্মী নিহত

সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদলকর্মী নিহত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কলিম উদ্দিন (৩৩) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক যুবদলকর্মী শাখাওয়াত (৩২)।

সংঘর্ষের ঘটনাটি ঘটে বুধবার (২৯ মে) রাত ১১টার দিকে উপজেলার বড় দারোগারহাট বাজারে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

নিহত কলিম উদ্দিন বারৈয়ারঢালা ইউনিয়নের ফেদাইনগর এলাকার বাসিন্দা এবং বিএনপি নেতা শরিফের অনুসারী ছিলেন। আহত শাখাওয়াত যুবদলের নেতা ইসমাইলের অনুসারী বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। বুধবার রাতে সেই বিরোধের জের ধরেই সহস্র ধারা ঝরনার টেন্ডার ও অন্যান্য ব্যবসা সংক্রান্ত বিষয়ে তর্কাতর্কি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে গুরুতর আহত কলিম ও শাখাওয়াতকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক কলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার ওসি জানান, এখনো কোনো মামলা হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামলার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিউজ