নন্দনগাছী রেলস্টেশনে ট্রেনবিরতি ও সংস্কার দাবিতে আন্দোলন, বন্ধ রাজশাহীর রেল যোগাযোগ

নন্দনগাছী রেলস্টেশনে ট্রেনবিরতি ও সংস্কার দাবিতে আন্দোলন, বন্ধ রাজশাহীর রেল যোগাযোগ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে ট্রেন যাত্রাবিরতি ও অবকাঠামো সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সকালে সাড়ে ৬টার দিকে বিক্ষোভকারীরা স্টেশনের দুই পাশে লাল পতাকা দিয়ে রেলপথ অবরোধ করেন এবং লাইনের উপর বসে অবস্থান নেন। এতে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস, ঢাকাগামী মধুমতি, বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন চলাচল ব্যাহত হয়।

স্থানীয়রা জানান, বহু বছর ধরে তারা এই স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও স্টেশনটির পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানিয়ে আসছেন। কিন্তু রেল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

অপরদিকে যাত্রীরা বলছেন, আন্দোলনের কারণে যারা দূরপাল্লার ভ্রমণে রয়েছেন, তারা চরম বিপাকে পড়েছেন। ঈদ শেষে কর্মস্থলে ফিরতে যাওয়া যাত্রী সামিউল ইসলাম বলেন, “সমস্যার সমাধান হওয়া উচিত সংলাপের মাধ্যমে, যাত্রীদের ভোগান্তি সৃষ্টি করে নয়।”

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম জানান, “নন্দনগাছী স্টেশনে স্টপেজের দাবিতে স্থানীয়দের বিক্ষোভে কয়েকটি ট্রেন আটকা পড়েছে। আন্দোলন প্রত্যাহার না হওয়া পর্যন্ত রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকবে।”

উল্লেখ্য, ১৯২৯ সালে প্রতিষ্ঠিত নন্দনগাছী রেলস্টেশনটির কার্যক্রম ২০১৫ সালে বন্ধ হয়ে যায়। বর্তমানে একজন পোর্টারম্যান ছাড়া আর কোনো কর্মকর্তা-কর্মচারী কর্মরত নেই। দিনে কেবল দু-একটি লোকাল ট্রেন এই স্টেশনে থামে।

সম্পর্কিত নিউজ