আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টাঃ সফরসঙ্গী চার রাজনৈতিক নেতা

আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টাঃ সফরসঙ্গী চার রাজনৈতিক নেতা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ নিউইয়র্ক যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে তার সঙ্গে থাকছেন চারজন রাজনৈতিক নেতা। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তাঁরা।

সফরসূচি অনুযায়ী, প্রধান উপদেষ্টা আগামীকাল ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন। তিনি ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে এই গুরুত্বপূর্ণ সফরে যে চার রাজনৈতিক নেতা থাকছেন তারা হলেনঃ
-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
-জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের
-জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং

-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা তার ভাষণে বিগত এক বছরে বাংলাদেশে সংঘটিত বিভিন্ন সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে বিশ্ব নেতাদের সামনে সরকারের অঙ্গীকার তুলে ধরবেন।

এছাড়া, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে মিয়ানমারের রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু মুসলিমদের পরিস্থিতি নিয়ে একটা সভা অনুষ্ঠিত হবে, সেখানেও প্রধান উপদেষ্টা অংশ নেবেন।

সম্পর্কিত নিউজ