বিমানবন্দরে পুড়ে গেছে ঔষধের ২০০ কোটি টাকার কাঁচামাল

বিমানবন্দরে পুড়ে গেছে ঔষধের ২০০ কোটি টাকার কাঁচামাল
ছবির ক্যাপশান, বিমানবন্দরে পুড়ে গেছে ঔষধের ২০০ কোটি টাকার কাঁচামাল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Nur Muhammad

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০০ কোটি টাকার বেশি মূল্যের ওষুধের কাঁচামাল পুড়ে গেছে বলে জানা গেছে। বাংলাদেশ ওষুধশিল্প সমিতি জানিয়েছে, এই ঘটনায় প্রায় ৩ হাজার থেকে ৫ হাজার কোটি টাকার ওষুধের উৎপাদন ব্যাহত হতে পারে।

গতকাল সোমবার (২০ অক্টোবর) এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওষুধশিল্প সমিতির মহাসচিব মো. জাকির হোসেন প্রাথমিক ক্ষয়ক্ষতির এই তথ্য তুলে ধরেন।

জাকির হোসেন জানান, বেলা ১১টা পর্যন্ত দেশের শীর্ষস্থানীয় ৩২টি ওষুধ কোম্পানি তাদের ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব দিয়েছে, যেখানে মোট ২০০ কোটি টাকারও বেশি কাঁচামাল পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।
তিনি আরো জানান, বাংলাদেশে মোট ৩০৭টি ওষুধ কোম্পানির মধ্যে প্রায় ২৫০টি সচল রয়েছে। অন্যান্য কোম্পানিগুলো তাদের হিসাব দিলে ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, "এই ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে যাওয়ার কারণে দেশের ওষুধ উৎপাদনে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। এর ফলে ৩ হাজার থেকে ৫ হাজার কোটি টাকার ওষুধের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।"
তবে তাৎক্ষণিকভাবে দেশে ওষুধের সরবরাহ ব্যবস্থায় কোনো বড় সমস্যা সৃষ্টির সম্ভাবনা নেই বলে জানান তিনি।

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, কার্গো ভিলেজের এই অগ্নিকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সবমিলিয়ে ১২ হাজার কোটি টাকার সামগ্রিক ক্ষয়ক্ষতি হয়েছে।

সম্পর্কিত নিউজ