ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Muhammad Qutayba

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনের সুষ্ঠু ও নিরাপদ আয়োজন নিশ্চিত করতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

প্রধান উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচন দেশের জন্য একটি বড় পরীক্ষা। দেশ ও দেশের বাইরে থেকে নির্বাচনকে বাধাগ্রস্ত করার নানা প্রচেষ্টা হতে পারে বলে তিনি সতর্ক করেন। তার মতে, বড় শক্তিগুলো এ বিষয়ে সক্রিয় হতে পারে এবং হঠাৎ করেই বিভিন্ন ধরনের হামলা বা বিশৃঙ্খলার চেষ্টা হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে যেকোনো প্রতিকূলতা মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চলতে পারে। দেশি-বিদেশি মহল থেকে পরিকল্পিতভাবে ভুয়া তথ্য, ছবি বা ভিডিও ছড়ানোর চেষ্টা হতে পারে। তিনি নির্দেশ দেন, এসব অপপ্রচারের বিপরীতে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে হবে যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনকে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে। ভোটের নিয়ম-কানুন, ভোটকেন্দ্রে করণীয় এবং কোনো গোলযোগ দেখা দিলে করণীয় বিষয়ে ভোটারদের অবহিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন ও সংস্কৃতি মন্ত্রণালয়কে যৌথভাবে টিভিসি, ডকুমেন্টারি ও অন্যান্য ভিডিও কনটেন্ট দ্রুত তৈরি করে ইউটিউব ও সামাজিক মাধ্যমে প্রচারের নির্দেশ দিয়েছেন। এতে জনগণ সচেতন হবে এবং নির্বাচনী প্রস্তুতি গ্রহণে সহায়তা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


সম্পর্কিত নিউজ