{{ news.section.title }}
নতুন নোট বাজারে আসছে আজ: আসল নোট শনাক্তকরণ
বাজারে আসতে চলেছে ১০ টাকা নতুন নোট। আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) নতুন মুদ্রার নোট বাজারে ছাড়া হবে। প্রাথমিকভাবে নতুন ১০ টাকা নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে ছাড়া হবে, এরপর ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিসে ছাড়া হবে। সোমবার (০২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরকৃত ১০ টাকা মূল্যমানের নোটটির আকার ১২৩ মিলিমিটার × ৬০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ রয়েছে এবং এই নোটে গোলাপি রঙকে প্রাধান্য দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, নোটের সামনের অংশের বাম পাশে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ছবি মুদ্রিত হয়েছে। নোটটির সামনের অংশের কেন্দ্রস্থলে ব্যাকগ্রাউন্ড হিসেবে জাতীয় ফুল শাপলার একটি নকশা ব্যবহৃত হয়েছে, যেখানে শাপলা ফুলের পাতা ও কলির উপস্থিতি প্রতিফলিত হয়েছে। নোটের বিপরীত পাশে ‘২০২৪’ শিরোনামের একটি চিত্রকর্ম মুদ্রিত হয়েছে।
নিরাপত্তার অংশ হিসেবে নোটের সামনের দিকে ২ মিলিমিটার প্রশস্ত একটি বিশেষ সুতা ব্যবহার করা হয়েছে। এতে ‘১০ টাকা’ লেখা আছে, যা আলোর সামনে ধরলে দৃশ্যমান হয়। নিরাপত্তা সুতাটি নোট নড়াচড়ার সঙ্গে সঙ্গে লাল রঙ থেকে সবুজ রঙে পরিবর্তিত হয়। নোটের সামনের অংশে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখার নিচে এবং পেছনের অংশের বাম পাশে গ্লিউইশ নকশার বাইরের অংশে মাইক্রোপ্রিন্ট হিসেবে ‘BANGLADESH BANK’ মুদ্রিত হয়েছে।