জুলাই যোদ্ধাদের সম্মাননার চেক বাউন্সের অভিযোগে বিতর্কে আসলাম চৌধুরী

জুলাই যোদ্ধাদের সম্মাননার চেক বাউন্সের অভিযোগে বিতর্কে আসলাম চৌধুরী
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে ঘিরে জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সম্মাননা অনুদানের চেক নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, তার প্রতিষ্ঠানের দেওয়া একাধিক চেক ব্যাংকে জমা দিতে গিয়ে বারবার বাউন্স হচ্ছে ফলে ভুক্তভোগীরা চরম হয়রানির শিকার হচ্ছেন।

গত ৮ জানুয়ারি ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ, আহত ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রায় ১২০০ জনকে ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রতিষ্ঠান ‘জ্যাম সংস্থা’র উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি নিজেই শহীদ পরিবারের হাতে চেক তুলে দেন বলে জানা যায়।


তবে পরবর্তীতে ভুক্তভোগীদের অভিযোগ, চেকগুলো ব্যাংকে জমা দিতে গেলে সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় সেগুলো বাউন্স হয়। আয়োজকদের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি ১৬ জানুয়ারি হিসাবটিতে টাকা জমা করার আশ্বাস দেন। কিন্তু ১৮ জানুয়ারি ব্যাংকে গিয়ে দেখা যায়, হিসাবে মাত্র ২০ হাজার টাকা রয়েছে। এরপর বিভিন্ন সময় নতুন করে আশ্বাস দেওয়া হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে অভিযোগ।


ভুক্তভোগীদের দাবি, ২৮ জানুয়ারির মধ্যে টাকা না দিলে আন্দোলনের ঘোষণা দেওয়া হলে ৩ ফেব্রুয়ারি অর্থ জমার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু সেদিনও চেক বাউন্স হয়। সর্বশেষ নির্ধারিত দিনে ব্যাংকে গিয়ে তারা হিসাবে মাত্র ১৬ হাজার টাকা দেখতে পান। এতে ক্ষোভ ও হতাশা বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


উল্লেখ্য, সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন ৮৪৪ জন জুলাই শহীদ, ১০২ জন সাংবাদিক এবং আন্দোলনে গুরুতর আহত ও অগ্রণী ভূমিকা রাখা আরও ২৫৪ জন।
এদিকে আসলাম চৌধুরী চট্টগ্রাম-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকে ঋণখেলাপির অভিযোগ থাকার কথাও বিভিন্ন মহলে আলোচিত হয়েছে।


সম্পর্কিত নিউজ