জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলে ইইউর মোট ১৫ জন সদস্য অংশ নেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে উভয় পক্ষের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। বৈঠকে বাংলাদেশের সাংবিধানিক কাঠামো ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী, কার্যকর ও টেকসই করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইইউ প্রায় ২০০ সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠাবে। এই দল নির্বাচনের সার্বিক পরিবেশ, ভোটগ্রহণ প্রক্রিয়া ও পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া ভবিষ্যতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং উন্নয়ন সহযোগিতা ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় থাকবে-এমন প্রত্যাশাও ব্যক্ত করেন ইইউ প্রতিনিধি দলের সদস্যরা।

সৌজন্য সাক্ষাৎকালে জামায়াতের পক্ষে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইউরোপে জামায়াতের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে তা ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


সম্পর্কিত নিউজ