{{ news.section.title }}
ভোটে নিরাপত্তায় ২০৯৮ নির্বাহী ও ৬৫৭ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে নির্বাচনি দায়িত্ব পালনের জন্য ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্রে জানা গেছে, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা নির্বাচন-সংক্রান্ত অপরাধ আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্ন করার দায়িত্বে থাকবেন। তারা ভোটগ্রহণের আগে দুই দিন, ভোটের দিন এবং ভোটের পরের দুই দিন - মোট পাঁচ দিন দায়িত্ব পালন করবেন, যা ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত রয়েছে।
প্রতি উপজেলা ও নির্বাচনি থানায় ন্যূনতম দুইজন করে মোট ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং মোবাইল কোর্ট পরিচালনায় রিটার্নিং কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোটের আগে চার দিন, ভোটের দিন এবং ভোটের পরের দুই দিন - মোট সাত দিন দায়িত্ব পালন করবেন, যা ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
সবমিলিয়ে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুষ্ঠ ভোটগ্রহণ নিশ্চিত করতে মোট ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।