চাকরি ফিরে পাচ্ছেন পুলিশের ৩৩০ জন কর্মকর্তা

চাকরি ফিরে পাচ্ছেন পুলিশের ৩৩০ জন কর্মকর্তা
ছবির ক্যাপশান, চাকরি ফিরে পাচ্ছেন পুলিশের ৩৩০ জন কর্মকর্তা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

দীর্ঘ ১৯ বছর পর বড় ধরনের এক সিদ্ধান্তে ৩৩০ জন পুলিশ কর্মকর্তা পুনরায় চাকরিতে ফেরার সুযোগ পাচ্ছেন। ২০০৭ সালে বাতিল হওয়া পুলিশ সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ সংক্রান্ত আদেশ প্রত্যাহার করেছে সরকার, ফলে দীর্ঘদিন অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য নতুন করে পথ খুলে গেল।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২০০৬ সালে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ১২৩ জন সার্জেন্ট এবং ২০৭ জন সাব-ইন্সপেক্টরের নিয়োগ ২০০৭ সালে বাতিল করা হয়েছিল। এখন সেই বাতিলাদেশ প্রত্যাহার করে তাদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট প্রার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে চাকরিতে যোগ দিতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো-যদি ২০০৭ সালে নিয়োগ বাতিল না হতো, তারা যে তারিখে চাকরিতে যোগদান করতেন, সেই সময় থেকেই তাদের জ্যেষ্ঠতা (সিনিয়রিটি) গণনা করা হবে। অর্থাৎ, প্রশাসনিকভাবে তাদের আগের অবস্থান অনেকটাই পুনর্বহাল করা হচ্ছে।

তবে প্রজ্ঞাপনে স্পষ্ট করে জানানো হয়েছে, এ ক্ষেত্রে অতীত সময়ের জন্য কোনো আর্থিক সুবিধা বা বকেয়া বেতন প্রদান করা হবে না।

নিয়োগপ্রাপ্তদের জন্য ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ দুই বছর মেয়াদি শিক্ষানবিশকাল সম্পন্ন করতে হবে। প্রশিক্ষণ ও মূল্যায়ন শেষে তাদের স্থায়ীভাবে দায়িত্ব প্রদান করা হবে।

এছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রণীত বিধিমালা অনুসরণ করে সংশ্লিষ্ট ব্যাচের চূড়ান্ত গ্রেডেশন তালিকা প্রস্তুত করা হবে। এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের একটি জটিল প্রশাসনিক বিষয় নিষ্পত্তির পথে এগোলো এবং ক্ষতিগ্রস্ত প্রার্থীদের জন্য আংশিক হলেও ন্যায়বিচার নিশ্চিত হওয়ার আশা তৈরি হয়েছে।


সম্পর্কিত নিউজ