{{ news.section.title }}
ঈদের দিন যেসব বিভাগে কালবৈশাখীর তাণ্ডবের আভাস
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে নতুন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দেশে ঈদ উদযাপিত হতে পারে আগামী ২০ বা ২১ মার্চের মধ্যে।
ঈদকে কেন্দ্র করে আবহাওয়ায় কিছুটা অস্থিরতার ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে এই সময়ের মধ্যে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ঈদের আগে ও পরে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকলেও ২০ ও ২১ মার্চের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে।
তিনি আর বলেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের উত্তরাংশে ঈদের দিন কালবৈশাখী তাণ্ডব চালাতে পারে।
এছাড়া বুধবার (১৮ মার্চ) সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ-এসব অঞ্চলের দু-এক জায়গায় এমন আবহাওয়া দেখা যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
তাপমাত্রার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। দিন ও রাতের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।