প্রথমবার রাষ্ট্রীয় গাড়ি ও জাতীয় পতাকা ব্যবহার করলেন তারেক রহমান

প্রথমবার রাষ্ট্রীয় গাড়ি ও জাতীয় পতাকা ব্যবহার করলেন তারেক রহমান
ছবির ক্যাপশান, ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী সরকারি গাড়ি ও জাতীয় পতাকা ব্যবহার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে তিনি জাতীয় পতাকাবাহী সরকারি গাড়িতে করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, ভোরে গুলশানের নিজ বাসভবন থেকে নির্ধারিত সরকারি গাড়িতে সাভারের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। গাড়িটিতে জাতীয় পতাকা ও প্রধানমন্ত্রীর পতাকা সংযুক্ত ছিল, যা দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ব্যবহার করা হলো।

সকাল ৫টা ৫৩ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে যান এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে সম্মান জানান। পরবর্তীতে তিনি গুলশানের বাসভবনে ফিরে যান।

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে তারেক রহমান ব্যক্তিগত সাদা গাড়ি ব্যবহার করছিলেন, যেখানে কোনো রাষ্ট্রীয় পতাকা ব্যবহার করা হয়নি।

‘বাংলাদেশ ফ্ল্যাগ রুলস, ১৯৭২’ অনুযায়ী, প্রধানমন্ত্রী তার সরকারি গাড়িতে জাতীয় পতাকা ব্যবহারের পূর্ণ অধিকার রাখেন। তবে বিশেষ পরিস্থিতি বা নিরাপত্তাজনিত কারণে এই সুবিধা ব্যবহার না করার সুযোগও রয়েছে। সাধারণত প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীরা ঢাকায় পতাকা ব্যবহার না করলেও, প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এই সুবিধা সর্বদা প্রযোজ্য।

এবারের আয়োজনের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, বড় ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভিভিআইপি ও ভিআইপিদের পরিবহনে প্রায় সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি ব্যয় হয়। এ বিষয়টি বিবেচনায় রেখে এবার মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনী প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা বাসে করে জাতীয় স্মৃতিসৌধে যান।


সম্পর্কিত নিউজ