{{ news.section.title }}
চট্টগ্রাম বন্দরে এলএনজি নিয়ে আসছে তিনটি জাহাজ
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জ্বালানি সরবরাহ নিশ্চিত রাখতে দেশে বড় পরিমাণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি অব্যাহত রয়েছে। পাঁচ দিনের ব্যবধানে প্রায় দুই লাখ টন এলএনজি নিয়ে তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়ছে, যা দেশের জ্বালানি খাতে স্বস্তি আনতে পারে।
বন্দর সূত্রে জানা গেছে, এই তিনটি জাহাজে মোট প্রায় ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি দেশে আসছে। এর মধ্যে একটি জাহাজ ইতোমধ্যে বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছেছে এবং বাকি দুটি নির্ধারিত সময় অনুযায়ী আসার কথা রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি বহনকারী ‘এইচএল পাফিন’ ট্যাংকারটি বৃহস্পতিবার কুতুবদিয়া উপকূলে এসে পৌঁছেছে। জাহাজটি আগমনের পর দ্রুত আনলোডিং প্রক্রিয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অন্যদিকে, ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার টন এলএনজি নিয়ে ‘নিউ ব্রেভ’ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি বহনকারী ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামের আরও দুটি জাহাজ আগামী বুধবারের মধ্যে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম জানিয়েছেন, বর্তমান সূচি অনুযায়ী ট্যাংকার দুটি সময়মতো পৌঁছাবে বলেই আশা করা হচ্ছে।